রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তার ও বিচার করতে হবে: নাহিদ ইসলাম

ময়মনসিংহ
কথা বলেছেন নাহিদ ইসলাম
রাজনীতি
0

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অবিলম্বে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের আওতায় এনে বিচার করতে হবে বলেও দাবি জানান তিনি।

আজ (শুক্রবার, ১৩ মার্চ) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত এনসিপির ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অনেক সমালোচনা সত্ত্বেও আমরা গতকাল সংসদে গিয়েছি। কারণ জনগণ এগারো দলীয় প্রার্থীদের বিজয়ী করেছে। আমরা সংসদে গিয়েছি সংস্কার বাস্তবায়নের জন্য, উচ্চ কক্ষ বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য।’

নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন। সংসদে বক্তব্য দেয়ার মাধ্যমে জুলাই সনদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাকে অভিশংসনের পর গ্রেপ্তারের আওতায় এনে বিচার করতে হবে।’

সংসদে বিরোধীদল ওয়াক-আউট করতে চায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাইয়ের আকাঙ্খার সঙ্গে জাতীয় সংসদে রাষ্ট্রপতি চুপ্পুকে বক্তব্য দেয়া কোনোভাবেই যায় না।’

আরও পড়ুন:

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহর বাড়িতে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘গুপ্ত হত্যা, অগ্নিসংযোগের মাধ্যমে আওয়ামী লীগ সবসময় রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করেছে। সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ময়মনসিংহবাসীর প্রতি আহ্বান, আপনারা এ সন্ত্রাসীদের প্রতিহত করুন।’

এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কোনো ফ্যাসিস্টের সঙ্গে আপস করবে না এনসিপি।’ এসময় অসুস্থ মীর্জা আব্বাসের জন্য দোয়াও চান এনসিপির এ নেতা।

সার্কিট হাউস মাঠে বিভাগীয় ইফতার মাহফিলে এনসিপি কেন্দ্রীয় ও জেলার নেতারাসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। এর আগে, অনুষ্ঠানে উপস্থিত হলে এনসিপি নেতাকর্মীরা তাকে শ্লোগানে-শ্লোগানে স্বাগত জানান।

এসএইচ