কর্মসংস্থান না হলে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে: সারজিস

সিরাজগঞ্জ
সারজিস আলম
রাজনীতি
1

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিগত নির্বাচনে বিএনপি ইশতেহারে ঘোষণা দিয়েছিল নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। কিন্তু কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, তবে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে।

​আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সারজিস আলম বলেন, ‘পশ্চিমবঙ্গে বিবেক বিসর্জন দেয়া মুখ্যমন্ত্রী বলছেন তারা ১০ হাজার পুশ ইন করেছে, আরও পুশ ইন হবে। আমাদের সীমান্তে আর একটা পুশ ইন বা হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না।’

আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে নিয়ে আসায় সরকারকে ধন্যবাদ জানান এনসিপির এই শীর্ষ নেতা।

আরও পড়ুন:

তবে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলেন, কিন্তু যে গণভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেন সেটি বাস্তবায়ন না করা মোনাফেকি।’

​তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং এক বছরের মধ্যে সকল স্থানীয় নির্বাচন শেষ হবে। তবে জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসন কেউ যদি বিন্দুমাত্র চেষ্টা করে স্থানীয় নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার, বিগত তিনবার যারা ভোট চুরি করেছিল তাদের যে অবস্থা হয়েছিল এবার তার চেয়েও খারাপ হবে।’

​এর আগে বিকেলে এনসিপির উদ্যোগে উল্লাপাড়া শহরে ‘জুলাই পদযাত্রা’ বের করা হয়। পদযাত্রাটি শহরের বিজ্ঞান মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। ​উল্লাপাড়া উপজেলা এনসিপি আয়োজিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, মাহিন সরকারসহ স্থানীয় নেতারা।

এসএস