১৫ দিনের ভিসায় ২৬ বছর বসবাস; ৭২ বছরে গ্রেপ্তার কোরীয় নাগরিক

প্রতীকী ছবি
বিদেশে এখন
0

১৫ দিনের পর্যটন ভিসা নিয়ে জাপানে গিয়ে ২৬ বছরের বেশি সময় অবৈধভাবে বসবাস করার অভিযোগে ৭২ বছর বয়সী এক দক্ষিণ কোরিয়ার নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত জুনে পাওয়া একটি গোপন তথ্যের ভিত্তিতে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিজুওকা প্রিফেকচারাল পুলিশের বরাতে দ্য জাপান টাইমস জানায়, ভালো বেতনের কাজের আশায় ১৯৯৩ সালের সেপ্টেম্বরে ভাইয়ের পাসপোর্ট ব্যবহার করে ১৫ দিনের পর্যটন ভিসায় জাপানে প্রবেশ করেন ওই ব্যক্তি। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৩ সালে প্রবেশের পর থেকে তিনি এক টানা জাপানে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

২০০০ সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া সংশোধিত অভিবাসন আইনের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই আইনে অনুমোদনহীনভাবে অতিরিক্ত সময় অবস্থান করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। তদন্তকারীদের কাছে ওই ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি দিনমজুর হিসেবে কাজ করছিলেন। তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি সিজুওকা প্রিফেকচারের ইয়াইজু শহরে বসবাস করছিলেন।

জাপানের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দেশটিতে ৬৮ হাজার ৪৮৮ জন বিদেশি নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করছিলেন। ১৯৯৩ সালে এই সংখ্যা ছিল সর্বোচ্চ ২ লাখ ৯৮ হাজার ৬৪৬ জন, যা বর্তমানে অনেকটাই কমে এসেছে।

এএম