বিসিবির সংকট এবার আইসিসির টেবিলে, জটিল হচ্ছে পরিস্থিতি

বিসিবি ও আইসিসি কার্যালয়
ক্রিকেট
এখন মাঠে
0

ক্রমশ আরও জটিল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিস্থিতি। আমিনুল ইসলাম বুলবুল এবং অ্যাডহক কমিটির মধ্যে দ্বৈরথ এখন গিয়েছে আইসিসির টেবিল পর্যন্ত। বাংলাদেশে সফররত দুই আইসিসি প্রতিনিধিকে নিয়েও রাজনীতি চলছে ক্রিকেট পাড়ায়।

৭ জুন নির্বাচন। দিন কয়েক বাকি থাকলেও সাড়াশব্দ নেই মিরপুরের বিসিবি কার্যালয়ে। লাল ইটের মোড়ানো ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের জন্য বরাদ্দকৃত রুমেও নেই ব্যস্ততা। অথচ এখন থেকেই স্পষ্ট, বিসিবির আগামী দিনের পরিচালক কারা। নির্বাচনের মাঠে ভোট আর ব্যালটের গল্পটা তাই জমছে না খুব একটা।

অবশ্য আইসিসির টেবিলে দেনদরবারে ব্যস্ত দেশি ক্রিকেটের দুই পক্ষ। নির্বাচনের আগে ঢাকায় এসেছেন আইসিসির দুই প্রতিনিধি ড. মোহাম্মদ মুসাজি ও তাভেনগুয়া মুকুলানি। তাদের এই সফরকে কেন্দ্র করে আপাতত দৌড়ঝাঁপ চলছে সবচেয়ে বেশি। বর্তমান অ্যাডহক কমিটির ভাষ্য, নির্বাচনের গতিপ্রকৃতি এবং বিসিবির নির্বাচন সংশ্লিষদের সঙ্গে আলোচনা করতেই ঢাকায় পা রেখেছেন দুজন। সেইসঙ্গে তাদের পর্যবেক্ষণে থাকবে ৭ জুনের নির্বাচনের পুরোটাই।

তবে একেবারেই ভিন্ন দাবি সাবেক পরিচালকদের। আইসিসির প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আলাপ করেন সাবেক চার পরিচালক এম নাজমুল ইসলাম, আসিফ আকবর, হাসানুজ্জামান এবং আহনাফ ইকবাল। তাদের দাবি, নির্বাচন নিয়ে আলোচনা করার উদ্দেশ্য নেই আইসিসি প্রতিনিধিদের। এমনকি তারা নির্বাচনের পর্যবেক্ষকও নন। মাত্র বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করবেন দুই সদস্যের প্রতিনিধি দল।

আইসিসির এই দুই প্রতিনিধিদের কাছে নিজেদের সাম্প্রতিক অভিযোগও তুলে ধরেন বুলবুল বোর্ডের সাবেক পরিচালকরা। তার ফলাফল অবশ্য সামনের দিনগুলোতে কেমন হবে, তা সময়ই বলে দেবে।

জেআর