অস্ট্রেলিয়া সিরিজের আগে ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটদল
ক্রিকেট
এখন মাঠে
0

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে চোটের মিছিল বাংলাদেশ দলে। টানা খেলার মধ্যে থাকায় একে একে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এ তালিকায় আছেন লিটন দাস, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমানদের মতো তারকারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের পেস বোলিংয়ে নেতৃত্ব দেয়ার কথা ছিলো নাহিদ রানার। কিন্তু সিরিজের আগেই তাকে নিয়ে বড় ধাক্কা খেল টাইগাররা। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এ পেসার। স্ক্যানে তার বাম পাশের পেশিতে গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে তার সময় লাগতে পারে ছয় থেকে আট সপ্তাহ।

এদিকে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। আগামী ২৯ জুলাই থেকে তার বোলিং শুরু করার কথা রয়েছে। সব ঠিক থাকলে দ্বিতীয় টেস্টের আগে ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন তিনি। মেডিকেলের ছাড়পত্র পেলে দ্বিতীয় টেস্টের দলে থাকার সম্ভাবনা রয়েছে শরিফুলের।

আরও পড়ুন

পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন লিটন কুমার দাসও। কাফ ইনজুরির চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পিআরপি থেরাপি নিয়েছেন এ উইকেটকিপার-ব্যাটার। ২৮ জুলাই থেকে দৌড় ও কন্ডিশনিং শুরু করবেন তিনি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, তানজিম হাসান সাকিবের পুনর্বাসন এখনও চলমান। সর্বশেষ স্ক্যান অনুযায়ী তাকে আরও আট থেকে দশ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। হাড়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠলে বছরের শেষ দিকে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

এছাড়া হ্যামস্ট্রিং ও কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পথে মুস্তাফিজুর রহমান। জুলাইয়ের শেষ দিকে এ বাঁ-হাতি পেসারের ফিটনেস মূল্যায়ন করা হবে। সেখানে পাস করলে আগামী ১৮ আগস্টের পর থেকে জাতীয় দলের জন্য পুরোপুরি বিবেচনায় থাকবেন তিনি।

জেআর