মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী বলেছে, বাহরাইনের ভূখণ্ড লক্ষ্য করে ‘হামলার মাধ্যমে ইরান তাদের ধারাবাহিক বৈরী আচরণ অব্যাহত রেখেছে’।
এতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই হামলাগুলো ধ্বংস করে দেয়া হয়েছে। এছাড়া দেশ রক্ষায় বাহিনীর সব ইউনিট ‘সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং পুরোপুরি প্রস্তুত আছে’ বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে রোববার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে একটি মার্কিন রাডার প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায়ও এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি একটি প্রধান ইস্যু হিসেবে রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়েছিল। পরে এপ্রিলে পক্ষগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে জুনে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়া সত্ত্বেও আলোচনা স্থবির হয়ে পড়ায় পরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও লড়াই শুরু হয়।





