প্রথম টেস্টে হারায় সিরিজ বাঁচাতে জিততেই হবে সিলেটে। এমন সমীকরণের ম্যাচে শরিফুলের জায়গায় তাসকিন আহমেদকে নিয়ে নামে বাংলাদেশ। ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। সমান দুই পরিবর্তন নিয়ে নামে ওয়েস্ট ইন্ডিজও। টসভাগ্যটা ছিল সফরকারীদের পক্ষেই।
তবে দিনের শুরুতে দাপট দেখিয়েছে বাংলাদেশই। ব্র্যান্ডন কিংকে বোল্ড করে স্বাগতিকদের আনন্দে ভাসান তাসকিন। তিনে নামা কাভেম হজকে এক রানের বেশি করতে দেননি হাসান মাহমুদ। আরেক ওপেনার জশুয়া দ্য সিলভা যখন তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন, স্কোরবোর্ডে উইন্ডিজের সংগ্রহ তখন মাত্র ২৭।
আরও পড়ুন:
বিপদের মুখে দলের হাল ধরেন কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। ওয়েস্ট ইন্ডিজের ৩৪৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষিক্ত উইকহ্যাম প্রথম ইনিংসেই দেখান দায়িত্বশীলতা। হাসানের বলে বোল্ড হওয়ার আগে চতুর্থ উইকেটে জাঙ্গুর সঙ্গে গড়েন ১৩১ রানের জুটি। অভিষেক ইনিংসে ৬১ রান করেন এ ব্যাটার।
দিনের বাকি সময় লড়াই করেন আমির জাঙ্গু। ওয়েস্ট ইন্ডিজের মাত্র তৃতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে উপমহাদেশে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। জাঙ্গুর আগে এই কীর্তি গড়েছিলেন দিনেশ রামদিন, সেটিও ২০১২ সালে। অন্যপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেন জাস্টিন গ্রিভস।
আলোকস্বল্পতায় বেশ আগেভাগেই শেষ হয় প্রথম দিনের খেলা। এর আগে চার উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে উইন্ডিজ। দিন শেষে ১১১ রানে অপরাজিত জাঙ্গু, অপরপ্রান্তে ৩৫ রান করেছেন গ্রিভস। ম্যাচে ফিরতে দ্বিতীয় দিন দ্রুত উইকেট তোলার দিকেই চোখ থাকবে টাইগারদের।





