বিশ্বকাপের শেষ, ক্লাব ফুটবলের নতুন মৌসুমের শুরু

ইউরোপিয়ান লিগগুলোর লোগো
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপের রোমাঞ্চ শেষ হওয়ার কয়েকদিনের বিরতির পরই আবার মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ। তবে ফুটবলপ্রেমীদের অপেক্ষা খুব বেশি দিনের নয়। নতুন মৌসুম, নতুন স্বপ্ন আর নতুন লড়াই নিয়ে ফিরছে ক্লাব ফুটবল। সবার আগে ১৬ আগস্ট শুরু হচ্ছে লা লিগার মৌসুম। এছাড়া ২২ আগস্ট শুরু হবে ইপিএল, সিরি আ ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের যুদ্ধ। ২৯ আগস্ট থেকে শুরু হবে বুন্দেসলিগাও।

বিশ্বকাপের উত্তাপ পেরিয়ে এবার সবার নজর ক্লাব ফুটবলে। ইউরোপের পাঁচ শীর্ষ লিগে শুরু হচ্ছে নতুন অধ্যায়। কোথাও শিরোপা ধরে রাখার লড়াই, কোথাও আবার নতুন রাজত্ব গড়ার স্বপ্ন। তাই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও এক দীর্ঘ, উত্তেজনাপূর্ণ মৌসুম।

আগামী ১৬ আগস্ট রেসিং সান্তান্দার ও ভিয়ারিয়ালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে লা লিগার নতুন মৌসুমের। এই ম্যাচ দিয়েই ১৪ বছর পর লা লিগায় ফিরছে রেসিং। এছাড়া দ্বিতীয় বিভাগ থেকে আবার ও প্রমোশন পেয়ে লিগে ফিরছে দেপোর্তিভো লা করুনা ও মালাগা। আগামী ২৩ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে এসপানিওলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আর ২৪ আগস্ট এলচের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুম শুরু ২২ আগস্ট। প্রথম ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ ২৫ বছর পর প্রথমবার প্রিমিয়ার লিগ খেলতে আসা কভেন্ট্রি সিটি। অন্য ম্যাচে হাল সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া দ্বিতীয় বিভাগ থেকে প্রমোশন পেয়ে ফিরছে ইপ্সউইচ টাউন।

আরও পড়ুন:

একইদিনে শুরু হচ্ছে ইতালির সিরি আও। উদ্বোধনী দিনে মাঠে নামবে ইন্টার মিলান ও সিরি বি থেকে প্রমোশন পাওয়া মনজা। একই দিনে হবে উদিনেস ও কোমোর লড়াইও। শুরু থেকেই জমে ওঠার ইঙ্গিত দিচ্ছে ইতালিয়ান লিগ। এছাড়া সিরি বিতে চ্যাম্পিয়ন হয়ে ফিরছে ভেনিজিয়া ও রানার আপ দল ফ্রসিনান।

২৯ আগস্ট বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্টের লড়াই দিয়ে শুরু হবে বুন্দেসলিগার নতুন আসর। নতুন মৌসুমেও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাভারিয়ানরা। এবার প্রথমবারের মতো বুন্দেসলিগায় খেলবে নবাগত এসভি এলভার্সবার্গ। এছাড়া দ্বিতীয় বিভাগ থেকে প্রমোশন পেয়েছে এসসি পাডেরবর্ন ও শালকে জিরো ফোর।

ফ্রান্সের লিগ ওয়ান শুরু হবে ২২ আগস্ট মার্শেই ও স্ট্রাসবুর্গের ম্যাচ দিয়ে। আর ২৪ আগস্ট মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, তাদের প্রতিপক্ষ রেনে। ১৬ বছর বিরতির পর লিখে ফিরছে লে মান্স ও ৩ বছর পর ফিরছে ক্লাব ট্রয়েস।

বিশ্বকাপের পর্দা নামলেও ফুটবলের উন্মাদনা থেমে নেই। ইউরোপের শীর্ষ লিগগুলোর বাঁশি বাজতেই আবারও জমে উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই খেলা। এখন দেখার অপেক্ষা নতুন মৌসুমে কার হাতে ওঠে শ্রেষ্ঠত্বের মুকুট।

এসএইচ