অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার উদ্দেশে দেশ ছেড়েছে টাইগাররা

কোচিং স্টাফসহ ক্রিকেটারদের একাংশ
ফুটবল
এখন মাঠে
0

অপেক্ষার পালা শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলার উদ্দেশে উড়াল দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম ধাপে গেছেন কোচিং স্টাফসহ ১৮ জনের বহর। বাকিরা রওনা দেবেন আগামীকাল (রোববার, ২ আগস্ট)। এদিন ক্যামেরার সামনে কথা বলেননি কোনো ক্রিকেটার।

ঘরের মাঠে প্রস্তুতি নেয়া শেষ। এবার অস্ট্রেলিয়ায় মূল পরীক্ষার পালা। আর সে লক্ষ্যে গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) রাতে প্রথম ধাপে দেশ ছেড়েছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার ও টিম অফিসিয়ালরা।

বিমানবন্দরে শুরুতেই দেখা যায় ফিল সিমন্সকে। জাতীয় দলের হেড কোচের কিছুক্ষণ পরই সপরিবারে আসেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। একে একে ইমিগ্রেশন এরিয়ায় প্রবেশ করেন তালহা জোবায়ের ও মোহাম্মদ আশরাফুলও।

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম ম্যাচ। এর আগে ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের শেষবার ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। সিরিজের শেষ ম্যাচ শুরু হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

অস্ট্রেলিয়ার মাটিতে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়েই উড়াল দিচ্ছেন ক্রিকেটাররা। যেখানে সঙ্গে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের মাটিতে স্মরণীয় কিছু টেস্ট জয়ের আত্মবিশ্বাস। স্কোয়াডের বাকি ক্রিকেটাররা আগামী ২ আগস্ট আরেকটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন।

এসএস