ফুটবল বিশ্বে এমন কিছু সংখ্যা থাকে, যা কেবল গাণিতিক হিসাব নয়- তা হয়ে ওঠে এক একটি উপাখ্যান। আর্জেন্টিনার আকাশী সাদায় মোড়ানো ১০ নম্বর জার্সিটিও তেমনই।
ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা ফুটবল দলের ১০ নম্বর জার্সি কেবল একটা পোশাক নয়, এটি এক পরম অনুভূতি। একটি গোটা জাতির হৃৎস্পন্দন। এই এক জার্সির সাথে মিশে আছে দিয়েগো ম্যারাডোনার অবিনশ্বর কীর্তি, লিওনেল মেসির অজস্র স্মৃতি।
কিন্তু সময়ের নিয়মে যখন লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানাবেন, তখন কী হবে এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সির? কার উপরেই বা ভরসা করে ঐতিহাসিক এই জার্সিটি তুলে দেবে আর্জেন্টিনা- তা নিয়ে বিশ্ব ফুটবলের আলোচনা এখন তুঙ্গে।
আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় কার্লোস ম্যাক অ্যালিস্টার মনে করেন, এই জার্সির উত্তরাধিকারী নির্বাচন মোটেও কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন- সময় নিয়ে জার্সিটির যোগ্য উত্তরসূরি খোঁজা উচিত।
মেসির পর কারা হতে পারেন জার্সিটির সম্ভাব্য মালিক? ফুটবল দুনিয়ায় এই আলোচনা যখন সরব তখন আর্জেন্টিনার ফুটবলকে ভবিষ্যতে উজ্জ্বল স্বপ্ন দেখানো এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ কিংবা তরুণ তুর্কি নিকো পাজদের মতো প্রতিভাদের নামের কথাই বলেন কার্লোস অ্যালিস্টার। তবে সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত ৮ থেকে ৯ মাস গভীরভাবে পর্যবেক্ষণ করারও পরামর্শ দেন তিনি।
ম্যারাডোনা থেকে মেসি- যে লিগ্যাসি এই জার্সির সাথে জড়িয়ে আছে, তার মর্যাদা রক্ষা করা যেকোনো ফুটবলারের জন্যই এক অগ্নিপরীক্ষা। শেষ পর্যন্ত ঐতিহাসিক এই জার্সির মালিক কে হবেন সেটি দেখার অপেক্ষায় আলবিসেলেস্তেদের সমর্থকরা।





