রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর ২০১৭ সালের অভিযানকে কেন্দ্র করে দীর্ঘ আইনি লড়াই শেষ হওয়ার পথে। প্রাণে বাঁচতে সে সময় সীমান্তপথে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে নেয় অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা। ওই ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলার রায় জানা যাবে বৃহস্পতিবার।
বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে অভিযানের নামে নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টার অভিযোগ রয়েছে মিয়ানমারের বিরুদ্ধে। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে, জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত, তথা বিশ্বের সর্বোচ্চ আদালতে মামলা করে গাম্বিয়া। আইসিজেতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি প্রথম গুরুত্বপূর্ণ মামলা, যেটির রায় হতে যাচ্ছে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের জান্তার নৃশংস ওই অভিযান গণহত্যা কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আইসিজে।
আরও পড়ুন:
লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড পরিচালক আন্তোনিয়া মালভে বলেন, ‘মিয়ানমার যে গণহত্যার জন্য দায়ী, সে সত্যটা আদালতের কাছে শুনতে চান ভুক্তভোগীরা। তারা নিজেদের জমিজমা ও সম্পত্তি ফেরত ও ক্ষতিপূরণ এবং পরিবারের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা চান। বিশেষ করে সমতা, অর্থাৎ মিয়ানমারের নাগরিকত্ব চান তারা। আদালত এসব বিষয়ে নির্দেশ দেবেন বলে আশা করছেন তারা।’
আদালতের কাছে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশনাও চেয়েছে গাম্বিয়া। তাই কক্সবাজারে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গার কাছে এই রায় শুধু আইনি সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন ও বাস্তুচ্যুতির আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচার পাওয়ার পথে আশার আলো। রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের এই রায় শুধু মিয়ানমারের জন্য নয়, আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও গণহত্যার বিচারের ইতিহাসেও হয়ে উঠতে পারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষ করে গাজায় ফিলিস্তিনি গণহত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলাতেও রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড পরিচালক আন্তোনিয়া মালভে বলেন, ‘এই মামলা হোক বা অন্য মামলাতেও আদালতের সিদ্ধান্তের প্রভাব অবশ্যই ভবিষ্যৎ মামলাগুলোর ওপরেও পড়বে। দক্ষিণ আফ্রিকা বনাম ইসরাইল মামলাও ব্যতিক্রম নয়। তবে কীভাবে প্রভাবটা পড়বে, সেটি এখনও স্পষ্ট নয়। রায় ঘোষণার পর সেটি জানা যাবে।’
গণহত্যার অভিযোগ প্রমাণ করা আন্তর্জাতিক আইনে অত্যন্ত জটিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্ট, অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধে নাৎসি জার্মানদের সুপরিকল্পিত ও রাষ্ট্র সমর্থিত ভয়াবহ গণহত্যার পর, আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায় প্রতিষ্ঠার ঘটনা বিরল। ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যা, ৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যার পাশাপাশি সবশেষ ২০১৫ সালে ক্রোয়েশিয়া-সার্বিয়া যুদ্ধে গণহত্যা ইস্যুকে, দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগ ও ১৬ বছরের পুরোনো মামলা খারিজ করে দেয় আইসিজে।





