চৈত্রের সকালে কুয়াশার চাদরে আচ্ছন্ন পঞ্চগড়

পঞ্চগড়ের কুয়াশা
পরিবেশ ও জলবায়ু
এখন জনপদে
1

চৈত্রের সকালে ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। ঋতু পরিবর্তনে শীত বিদায় নিলেও মাঝেমধ্যেই দেখা মিলছে এমন অস্বাভাবিক কুয়াশার। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) সকালে জেলার চারপাশ শুভ্র কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে পড়ে। পথঘাট ঢেকে যায় সাদা আবরণে—দেখলে মনে হয় যেন শীতের কোনো এক সকাল।

তবে এই কুয়াশায় নেই শীতের তীব্রতা। সকাল ৮টার মধ্যেই কুয়াশা ভেদ করে উঁকি দেয় সূর্য, আর দিনের বেলায় বাড়ে গরমের তাপদাহ।

আবহাওয়া অফিস বলছে, বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি এবং তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে এমন কুয়াশা তৈরি হচ্ছে।

আরও পড়ুন:

গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে বিরূপ আবহাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কখনো ঝড়-বৃষ্টি, কখনো মেঘলা আকাশ, আবার কখনো তীব্র গরম কিংবা হঠাৎ কুয়াশা—সব মিলিয়ে এক অস্থির আবহাওয়া বিরাজ করছে জেলাজুড়ে।

বর্তমানে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

এসএস