আজ (বৃহস্পতিবার, ২৮ মে) বিকেলে সখিপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় মোড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান কানন। নিহত কানন উপজেলার জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে কানন ও তার ফুফাতো ভাই আশিক মোটরসাইকেল নিয়ে সখিপুরের দিকে আসছিলেন। তারা সখিপুর-সাগরদীঘি সড়কের কচুয়া পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে কানন, তার ফুফাতো ভাই আশিক ও অপর মোটরসাইকেল চালক শফিকুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাননকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় কাননের ফুফাতো ভাই আশিকুর রহমান (১৬) মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং অপর মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম (৩৫) তিনিও আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত কাননের চাচা আরিফুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে পরিবারের সবার সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছিল কানন। কেউ ভাবতেও পারেনি, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই আনন্দ ঘরজুড়ে নেমে আসবে আহাজারি হয়ে।’
সন্তানের মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন মা, নির্বাক হয়ে পড়েছেন বাবা। বাড়ির আঙিনাজুড়ে এখন শুধুই কান্না আর শোকের মাতম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান আল মামুন বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই কানন নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে।’
সখিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, ‘বিকেলে সখিপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় মোড়ে দুই মোটরসাইকেলের সামনাসামনি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





