বাড়ছে কাপ্তাই হ্রদের পানি; রাতেই খুলছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদ
এখন জনপদে
0

বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদ পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যাওয়ায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরই মধ্যে জেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করায় বন্যার আশংকা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত দশটায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষের।

সাম্প্রতিক বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আজ (শনিবার, ২৯ আগস্ট) দুপুর দুইটা নাগাদ এই উচ্চতা পৌঁছেছে ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট থেকে মাত্র ৩ দশমিক ৩৬ ফুট দূরত্বে রয়েছে এই পানির স্তর।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত দশটায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষের।

পানি বাড়ায় রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে গেছে। নিরাপত্তার শঙ্কায় পর্যটকদের সেতু ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ ঝুলিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। এতে বাণিজ্যিক কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। অনেক পর্যটক ভ্রমণে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

আরও পড়ুন:

রাঙামাটির পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, ‘পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

এদিকে জেলার বাঘাইছড়ি উপজেলার নিচু এলাকা, সদর উপজেলাসহ বেশ কিছু উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এতে বন্যার আশংকা দেখা দিয়েছে। তবে জেলা ও উপজেলা প্রশাসন থেকে সব ধরণের আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘প্রাথমিকভাবে স্পিলওয়ের ১৬ জলকপাট দিয়ে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশনের পরিকল্পনা রয়েছে। তবে বৃষ্টিপাত, লেকের পানির উচ্চতা এবং উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) অনুযায়ী জলকপাট খোলার সময় ও পানির পরিমাণ পরিবর্তন হতে পারে। প্রয়োজনে পর্যায়ক্রমে আরও বেশি জলকপাট খুলে পানি ছাড়া হবে।’

এসময় কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেন এ প্রকৌশলী।

এফএস