পূর্ববিরোধে কুমিল্লায় ইউপি সদস্যকে হত্যা, স্ত্রী আহত

মরদেহের প্রতীকী
অপরাধ
এখন জনপদে
0

কুমিল্লার বাঙ্গরা উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই গ্রামে পূর্ববিরোধের জেরে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী মোমেনা বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন। গতকাল (শনিবার, ১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উত্তর পেন্নই গ্রামের মনু মিয়ার বড় ছেলে। তিনি শ্রীকাইল ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে আনোয়ার হোসেন বাড়িতে ফেরার পর প্রতিপক্ষের লোকজন খবর পেয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্বজনরা তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

নিহতের মেয়ের জামাই শফিকুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আনোয়ার হোসেন সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের গ্রুপের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার বিজয়ী হওয়ার পর বিভিন্ন ধরনের হুমকি পাওয়ায় তিনি এলাকা ছেড়ে চলে যান। গতকাল বাড়িতে ফেরার পর প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে দাবি করেন শফিকুল।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

তিনি জানান, সুরতহাল শেষে আনোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলায় আহত তার স্ত্রী মোমেনা বেগমের চিকিৎসা চলছে।

এফএস