আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার বিসিক শিল্পনগরী ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে শ্রমিকদের স্বাভাবিক নিয়মেই কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। কোথাও শ্রমিক অসন্তোষ বা নতুন করে আন্দোলনের খবর পাওয়া যায়নি।
সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলসহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে দুই প্লাটুন বিজিবি টহল দিচ্ছে এবং বাকি দুই প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘জেলার সব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও শ্রমিকদের মধ্যে উত্তেজনা কিংবা আন্দোলনের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।’
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে মুন্সিগঞ্জ থেকে অতিরিক্ত ১০০ পুলিশ সদস্য আনা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বিকেএমইএ ভবনের সামনেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মিডিয়া কর্মকর্তা ও স্কোয়াড কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুজ্জামান এ বিষয়ে বলেন, ‘নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে এসআরবি সদস্যরা টহলরত অবস্থায় আছে। বিশেষ করে নগরীর চাষাড়া, লিংক রোডসহ বিভিন্ন যায়গায়ও টহল দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এসআরবি সদস্যরা কাজ করছে।’





