আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর মুহূর্তেই ঘটে যায় একের পর এক সংঘর্ষ।
বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ অন্তত ১৪ থেকে১৫টি যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে শতাধিক যাত্রী আহত হন। গুরুতর আহত ২৪ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন:
এদিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দু’টি গাড়ি এসময় ক্ষতিগ্রস্ত হয়। সংসদ সদস্য ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশ কালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন। তবে এসময়ে রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, প্রথমে একটি প্রাইভেটকার ও বাসের মধ্যে সংঘর্ষের পর পর্যায়ক্রমে অন্যান্য যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।





