মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ৫

প্রায় দুই ঘণ্টা ধরে চলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
এখন জনপদে
0

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

গতকাল (শুক্রবার, ২৮ নভেম্বর) রাত ৮টার পর কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হয়। এসময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুন:

জানা যায়, সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষ চলাকালে একের পর এক ককটেল বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বের হতে পারেননি। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনাও ঘটে।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ বলেন, ‘সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।’

এসএইচ