উৎপাদন খরচের অর্ধেক দামে আলু বিক্রি; হিমাগার বন্ধে বাড়ছে কৃষকের দুশ্চিন্তা

মুন্সীগঞ্জ
জমিতে আলু তুলে রেখেছেন কৃষকরা
কৃষি , গ্রামীণ কৃষি
এখন জনপদে
0

উৎপাদন খরচের চেয়ে অর্ধেক দামে আলু বিক্রি করতে হচ্ছে মুন্সীগঞ্জের কৃষকদের। তার ওপর মৌসুম শেষ হওয়ায় ডিসেম্বরে বন্ধ হয়ে যাচ্ছে জেলার হিমাগারগুলো। এখনও প্রচুর মজুত থাকায় অবিক্রিত আলুর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। লোকসানের আশঙ্কায় আগামী মৌসুমে আবাদ নিয়েও দুশ্চিন্তায় কৃষক। সংকট মোকাবিলায় দ্রুত রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি তাদের।

বাম্পার ফলনই যেন কৃষকের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। মাঠ জুড়ে আলুর ফলন অথচ সেই আলু বিক্রি করে উঠছে না উৎপাদন খরচ। একদিকে বাজারের দরপতন, অন্যদিকে হিমাগারে অবিক্রিত আলুর স্তূপ। সব মিলিয়ে দিশেহারা মুন্সীগঞ্জের আলু চাষিরা।

সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি থেকে শুরু করে হিমাগারের ভাড়া সব মিলিয়ে বেড়েছে উৎপাদন খরচ। প্রতি বস্তা আলু উৎপাদন ও সংরক্ষণে খরচ পড়ছে প্রায় ১০০০ থেকে ১১০০ টাকা। অথচ সেই আলুই পাইকারি বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকায়। লোকসান ৬০০ থেকে ৭০০ টাকা।

কৃষকদের মধ্যে একজন বলেন, ‘ডিসেম্বরের ভেতরে কোল্ডস্টোরের হাওয়া বন্ধ কইরা দিব। তো হাওয়া বন্ধ কইরা দিলে আলু আমরা কি করমু? আলু কই নিয়া কি করমু? আলু তো নদীতে ফালাইতে হইবো যে অবস্থা দেখা যাইতাছে আমার।’

একদিকে আলু সংরক্ষণের নির্ধারিত সময় শেষ হওয়ায় ডিসেম্বরে বন্ধ হবে হিমাগার। অন্যদিকে বাজারে নেই পর্যাপ্ত ক্রেতা। আগামী মৌসুমে কীভাবে আলু আবাদ করবেন সেই চিন্তায় এখন থেকেই দিশেহারা প্রান্তিক কৃষক। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে দ্রুত বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি তাদের।

কৃষকদের মধ্যে একজন বলেন, ‘এভাবে দীর্ঘদিন চলতে থাকলে আলুর চাষ বাংলাদেশ থেকে অ্যাট এ টাইম সব উইঠা যাইবো। আলুর ব্যবসা করতে করতে আলু চাষিরা, আলুর ব্যবসায়ীরা সমস্ত লোকশানের আওতায় পইড়া গেছে।’

ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘আলুর ইতিহাসে আমি কখনো মানে এই চারদিন পাঁচদিন আলু শেডে রাখি নাই। কোনো ধরনের আলু বিক্রি করতে পারতাছি না।’

আলুর বাজার পরিস্থিতি নিয়ে স্বস্তির কোনো বার্তা দিতে পারছে না কৃষি বিভাগ। এমন পরিস্থিতিতে কৃষকদের বিকল্প ফসল হিসেবে উচ্চমূল্যের সবজি চাষে উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. তাজুল ইসলাম বলেন, ‘অন্যান্য বিভিন্ন যে বাণিজ্যিক যে ফসল যেমন ক্যাপসিকাম, ব্রোকলি, গাজর সহ বিভিন্ন ধরনের ফসলের আসলে বাজারে অনেক চাহিদা এবং উচ্চমূল্যের ফসলগুলো যদি কৃষকরা চাষাবাদে উদ্বুদ্ধ হয় সেটার জন্য আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবং বিভিন্ন কৃষি বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় প্রদর্শনী সেট করেছি।’

চলতি মৌসুমে মুন্সীগঞ্জ জেলায় ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ১১ লাখ মেট্রিক টন। জেলার সাতটি হিমাগারে বর্তমানে সংরক্ষিত রয়েছে ৩ লাখ ২০ হাজার মেট্রিক টন আলু।

বাম্পার ফলন অথচ ন্যায্যমূল্য নেই। একদিকে উৎপাদন খরচ তুলতে না পারার হতাশা অন্যদিকে হিমাগার বন্ধের সময় ঘনিয়ে আসার উদ্বেগ। সব মিলিয়ে অনিশ্চয়তায় মুন্সীগঞ্জের আলু চাষিরা। এখন তাদের প্রত্যাশা কৃষকের লোকসান কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার।

এসএস