ট্রেনে পাচার হচ্ছিলো চোরাই পণ্য, বিজিবির তৎপরতায় জব্দ

কুমিল্লা
জব্দ করা পণ্য
এখন জনপদে
অপরাধ
0

কুমিল্লার ভারত সীমান্তবর্তী রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় এক কোটি ৩১ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার (২৪ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স টিম কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থান নেন।’

আরও পড়ুন:

মীর আলী এজাজ বলেন, ‘এসময়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের শশীদল স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি রসুলপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলে টাস্কফোর্স টিম বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনে অভিযান চালায়।’

তিনি জানান, এসময় মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাজি, কসমেটিকস সামগ্রী ও বাসমতি চাল জব্দ করা করা হয়।

জব্দ করা চোরাচালানি মালামালগুলো বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিজিবি অধিনায়ক।

এসএস