টঙ্গীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মূল অভিযুক্ত গ্রেপ্তার

নিহত যুবক
এখন জনপদে
অপরাধ
0

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) নামের গ্রিন ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় হাসিবের মৃত্যু হয়। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার মূল অভিযুক্ত জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

নিহত হাসিব গ্রিন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় আহত হন আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪) নামের আরও দু’জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় অ্যাডভোকেট আলী আকবরের বাসার সামনে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

সংঘর্ষে গুরুতর আহত হন হাসিব, আকাশ ও ইমরান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এরপর পরিবারের সিদ্ধান্তে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল (বুধবার, ৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। মূল আসামিকে আমরা গ্রেপ্তার করেছি এবং সে আমাদের হেফাজতে রয়েছে। তদন্তে অন্য কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না।’

এসএইচ