পুলিশ জানায়, গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে শহরের চাষাড়ায় হকার্স মার্কেটের পেছনে দুর্গামন্দিরের সামনের রাস্তা থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। সে নারায়ণগঞ্জ সদর থানার গলাচিপা এলাকার হরি চন্দ দাসের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার পর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ দল তদন্তে নামে। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. সুমন (৪৫), সিয়াম আহমেদ সিজান (২১) ও মো. সোহান (২৪)।
এসময় গ্রেপ্তারদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়। তবে ঘটনায় ব্যাবহৃত আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন:
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর মাদক ব্যবসায়ী ফতের বাড়িতে ডিবির অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে তথ্যদাতা হিসেবে শুভকে সন্দেহ করে এবং মাদক ব্যবসার আধিপত্য নিয়ে পুরনো বিরোধের জের ধরে অনিক ও সুমন মিলে শুভকে হত্যার পরিকল্পনা করে।
পুলিশ আরও জানায়, পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন ১০টি ইয়াবার বিনিময়ে শুভর সহযোগী মাদক ব্যবসায়ী সোহানকে হাত করে ডেকে আনা হয়। এরপর অনিক ও অহিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল ঘটনাস্থলে হামলা চালায়। এসময় অনিক ও অহিদ গুলি চালায়, আর বাকিরা ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, অভিযান এখনও চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।





