গুলশানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

গ্রেপ্তার ২ জন ব্যক্তি এবং উদ্ধারকৃত ককটেল
অপরাধ
0

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের উদ্দেশে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিছিল থেকে আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার হয়েছে।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এসব তথ্য জানান।

ওসি দাউদ হোসেন বলেন, ‘গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতা-কর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়।’

আরও পড়ুন:

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসময় মিছিলে অংশ নেয়া আরাফাত ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ‘মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিলো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এসএইচ