যশোরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

যশোরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে
এখন জনপদে
অপরাধ
0

যশোরের প্রেসক্লাবের সামনে ও মুজিব সড়কের জজ কোর্টের দক্ষিণ গেট লক্ষ্য করে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই রাতে যশোর শহরের আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর সিভিল কোর্ট মোড়ের দিক থেকে জিলা স্কুল মোড়ের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে পৌঁছায়। এসময় মোটরসাইকেল থেকে পরপর দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দু’টি কোর্টের গেটের দেয়ালে বিস্ফোরিত হয়ে বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত রেলগেটের দিকে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী হাসানুজ্জামান বলেন, ‘আমি সামনে থেকেই ঘটনাটি দেখেছি। মোটরসাইকেলে আসা ব্যক্তিরা প্রেসক্লাবের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে রেলগেটের দিকে পালিয়ে যায়।’

আরও পড়ুন:

এদিকে একই রাতে যশোর শহরের আরও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরপর এসব বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকসহ স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. বদরুজ্জামান মোল্লা বলেন, ‘প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে সন্ধ্যার পর কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। খবর শুনে আমি সেখানে গিয়েছি। পুলিশ বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করছে।’

এদিকে ককটেল বিস্ফোরণের এসব ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

এসএইচ