পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠান করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ। তারা দু’জনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী।
জানা যায়, আজ বিকেলে নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতারা প্রতিবাদ মিছিল নিয়ে আসে। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
আরও পড়ুন:
এসময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এছাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। উপজেলা বিএনপির পাশাপাশি এটি সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ‘ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’





