সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, যুবক নিহত

নারায়ণগঞ্জ
নিহত যুবকের মরদেহ
এখন জনপদে
অপরাধ
3

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল নামের এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ১৫ নভেম্বর) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক বরিশাল জেলার বাসিন্দা ও সোনারগাঁয়ের ভারগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা যায়, গতকাল রাতে মোহাম্মদ আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা করে সোহেল। বিষয়টি টের পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুঁটে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জরিতদের শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এসএইচ