৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা

ঝুম বৃষ্টির ছবি
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

আজ (রোববার, ৫ জুলাই) দুপুর ১টায় প্রকাশিত ৭২ ঘণ্টার সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বর্ষণ এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

সংস্থাটি জানিয়েছে, টানা বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া অতিবৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

বিশেষ আবহাওয়া বুলেটিনে জানানো হয়, রোববার দুপুর ১২টায় মৌসুমি নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো।

আরও পড়ুন:

সেই সময় নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিলো। এর প্রভাবে নিম্নচাপের আশপাশের সাগর এলাকা উত্তাল রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।

এসএইচ