ডেঙ্গুতে এক দিনে আরও একজনের মৃত্যু, মোট প্রাণহানি ৫২৭

এডিস মশা
স্বাস্থ্য
0

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জনে এবং মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১১৮ জন করে, বরিশাল বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।

ঢাকা মহানগরের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১২০ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৩৪ জন ভর্তি হন। চলতি বছর ঢাকা মহানগরে মোট আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৯১ জন এবং মৃত্যু হয়েছে ২৩৩ জনের। বর্তমানে মহানগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৭ জন।

চলতি বছর এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৮৬১ জন।

এএম