ইরানের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে; চুক্তি না হলে ‘ভয়াবহ’ হামলার হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান যদি চুক্তিতে সম্মত না হয়, তবে দেশটিতে পুনরায় বড় ধরনের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় শুরু হওয়া যুদ্ধবিরতির ছয় সপ্তাহ পার হলেও শান্তি আলোচনায় এখন পর্যন্ত খুব একটা অগ্রগতি দেখা যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (বুধবার, ২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা এখন শেষ ধাপে। দেখা যাক কী হয়। হয় একটি সমঝোতা হবে, নয়তো আমরা এমন কিছু করবো  যা হবে খুবই ভয়াবহ। তবে আমি আশা করি তেমন কিছু ঘটবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা আলোচনার জন্য এই একটি সুযোগই দিচ্ছি। আমার কোনো তাড়া নেই। আমি চাই না অনেক মানুষ মারা যাক। তবে পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আমরা প্রস্তুত।’

অন্যদিকে তেহরান অভিযোগ করেছে যে, ট্রাম্প নতুন করে যুদ্ধ শুরু করার ষড়যন্ত্র করছেন। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যেকোনো হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্যের বাইরেও পাল্টাপাল্টি আঘাত হানবে। এক বিবৃতিতে ইরানের রেভল্যুশনারি গার্ড বলেছে, ‘ইরানের বিরুদ্ধে যদি পুনরায় আগ্রাসন চালানো হয়, তবে প্রতিশ্রুত এই আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।’

ইরানের প্রধান মধ্যস্থতাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক অডিও বার্তায় বলেন, ‘শত্রুর প্রকাশ্য ও গোপন সব তৎপরতা এটাই প্রমাণ করে যে মার্কিনীরা নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে।’ ট্রাম্প ও গালিবাফের এমন পাল্টাপাল্টি অবস্থানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হয়েছে।

এএম