হরমুজ প্রণালিতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত, নিশ্চিত করলেন ট্রাম্প

বিদেশে এখন
0

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় হেলিকপ্টারটির দুই পাইলট ও ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার, ৭ জুন) রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। টিআরটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউ ইয়র্ক টাইমস প্রথম এই খবরটি প্রকাশ করে। প্রতিবেদনে জানানো হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর এই শক্তিশালী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে এটি ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে বিধ্বস্ত হয়েছে, তা এখন পর্যন্ত অস্পষ্ট। হেলিকপ্টারটিতে থাকা দুই জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জেএফকে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলটরা ‘ভালো আছেন’। এনবিএ ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে তিনি এই মন্তব্য করেন। তবে হেলিকপ্টারটি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে নাকি কোনো যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইরান ও ইসরাইল সোমবার একে অপরের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে ইরান যুদ্ধের চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি এবং তা স্থায়ী করার আলোচনা চরম ঝুঁকির মুখে পড়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি নতুন করে শঙ্কা বাড়িয়েছে।

তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম), হোয়াইট হাউস বা দেশটির স্টেট ডিপার্টমেন্ট এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। হেলিকপ্টারটি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল নাকি অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এএম