কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তির অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার (প্রায় ৭২ হাজার কোটি টাকা) ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে পেজেশকিয়ান বলেন, ‘সমঝোতা স্মারকের সব শর্ত আমাদের পক্ষে রয়েছে এবং এই আলোচনার অর্জনগুলো শিগগিরই স্পষ্ট হয়ে উঠবে।’ তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে আগে যা যা নিষিদ্ধ করেছিলেন, এখন তার সবই ইরানি জনগণের অধিকার হিসেবে ঘোষণা করেছেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে কটাক্ষ করে বলেন, ‘সুইজারল্যান্ডের এই আলোচনায় নেতানিয়াহুই ‘‘সবচেয়ে বেশি অখুশি’’ হবেন।’

পরমাণু ইস্যুতে মার্কিন অবস্থান সম্পর্কে পেজেশকিয়ান বলেন, ‘আমেরিকার একমাত্র দাবি হলো আমাদের যেন পারমাণবিক বোমা না থাকে। এটি এমন একটি বিষয় যা আমাদের শহিদ নেতাও (আয়াতুল্লাহ আলী খামেনি) বারবার বলেছিলেন—আমরা পারমাণবিক বোমা চাই না।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এই বিষয়টি লিখিত আকারে সই করতে বলেছিল এবং ইরান তাতে সই করেছে।

এএম