ট্রাম্পের ‘অগ্রগতির’ ঘোষণার পরও গাজায় ইসরাইলি হামলা, নিহত অন্তত ৪

উচ্ছেদ হওয়া ফিলিস্তিনিদের আশ্রয়শিবিরের তাঁবুর পাশে দাঁড়িয়ে এক নারী।
বিদেশে এখন
0

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে অগ্রগতির ঘোষণা দেয়ার পরও টানা দ্বিতীয় দিনের মতো ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। রোববার গাজা সিটি ও দেইর আল-বালাহে পৃথক হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মধ্য গাজার দেইর আল-বালাহে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় এক দম্পতি নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। এছাড়া গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে পৃথক হামলায় এক শিশুসহ আরও দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামাস যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি উদ্যোগের আওতায় নিরস্ত্রীকরণে সম্মত হওয়ায় যুদ্ধবিরতি বাস্তবায়নে ‘অগ্রগতি’ হয়েছে। শুক্রবার ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ যুদ্ধবিরতির চূড়ান্ত বাস্তবায়নের জন্য ১৫ দফার একটি রোডম্যাপ প্রকাশ করে।

তবে এখনো সেই রোডম্যাপ কার্যকর হয়নি। হামাস জানিয়েছে, গত বছরের চুক্তি অনুযায়ী ইসরাইল সামরিক অভিযান বন্ধ করে সেনা প্রত্যাহার করলেই কেবল তারা অস্ত্র সংরক্ষণের জন্য হস্তান্তর করবে। অন্যদিকে রয়টার্সকে এক ইসরাইলি কর্মকর্তা বলেছেন, হামাসের ‘প্রকৃত নিরস্ত্রীকরণ’ না হলে বর্তমান অবস্থান থেকে সেনা প্রত্যাহার করা হবে না।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এ উদ্যোগ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এই পরিকল্পাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে হামাসের নেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সাবেক ফাতাহ নেতা মোহাম্মদ দাহলান ফেসবুকে দাবি করেন, ট্রাম্পের জামাতা ও এই উদ্যোগের সঙ্গে যুক্ত জ্যারেড কুশনার তাকে জানিয়েছেন, গাজায় হামলা বন্ধে তিনি ইসরাইলের সঙ্গে কাজ করছেন। দাহলান বলেন, চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এর সফলতা এখন নির্ভর করছে ইসরাইল প্রতিদিনের সামরিক হামলা পুরোপুরি বন্ধ করে কি না, তার ওপর।

দাহলানের বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটন বা ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এএম