ওমানের সঙ্গে চুক্তি হলেও হরমুজ প্রণালি এখনই খুলছে না: ইরান

হরমুজ প্রণালিতে চলাচল করছে জাহাজ
বিদেশে এখন
0

হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ জাহাজ চলাচলের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তি হলেও, তার ফলে এই কৌশলগত জলপথটি অবিলম্বে খুলে দেয়া হবে না। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

সূত্রটি জানায়, ভবিষ্যৎ জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনা কেবলমাত্র তেহরান ও মাসকাটের মধ্যেই হচ্ছে। এর সঙ্গে ‘যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।’ ওই সূত্র আরও বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য চুক্তির সঙ্গে প্রণালিটি অবিলম্বে খুলে দেয়ার কোনো সম্পর্ক নেই।’

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ওমান চুক্তিতে পৌঁছালেও, যতদিন পর্যন্ত তেহরান কর্তৃক আখ্যায়িত ‘যুক্তরাষ্ট্রের লঙ্ঘন’ অব্যাহত থাকবে, ততদিন প্রণালিটি বন্ধ থাকবে। সূত্রটি আরও জানায়, ‘হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের আচরণে পরিবর্তন এবং তাদের লঙ্ঘন সংশোধনের ওপর নির্ভর করছে।’

উল্লেখ্য, এর আগে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, নতুন একটি জাহাজ চলাচল করিডর নিয়ে তেহরান ও মাসকাটের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে শর্ত হলো, যুক্তরাষ্ট্রকে এই আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

এএম