ড্রোন হামলার জবাবে আফগানিস্তানে ১০ স্থানে পাকিস্তানের হামলা, নিহত ৪

কিস্তানের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসাবশেষ থেকে জিনিসপত্র সংগ্রহ করছেন এক ব্যক্তি
বিদেশে এখন
0

আফগানিস্তানে ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, এসব স্থানে ড্রোন সংরক্ষণ ও হামলা চালানোর ব্যবস্থা ছিল। তবে আফগানিস্তানের তালেবান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ হামলার মধ্য দিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, বুধবার আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে আসা ড্রোন শনাক্ত করে প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর আফগানিস্তানের ১০টি স্থানে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালানো হয়। তাঁর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত ড্রোন সংরক্ষণ ও উৎক্ষেপণের স্থান।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানের হামলা হয়েছে। তাঁর দাবি, এতে চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। পাকিস্তানের হামলার জবাব দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন। একই সঙ্গে তালেবান কর্মকর্তারা বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তপারের হামলা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে থাকা ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালায় এবং কাবুল তাদের আশ্রয় দেয়। তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

চলতি মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। গত সপ্তাহে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্থাপনায় হামলায় অন্তত ২৪ জন নিহত হওয়ার পর পরিস্থিতির অবনতি হয়। এর আগে সোমবার আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় ২৮ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছিল ইসলামাবাদ। তবে তালেবান ও জাতিসংঘ জানিয়েছিল, ওই হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

এএম