কাতালান নেতা সালভাদর ইলা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বার্সেলোনার উত্তরাঞ্চলীয় তর্দেরা শহরে একটি দেয়াল ধসে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া মনতোরনেস দেল ভালেস এলাকায় আরেকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দমকল বিভাগ। জরুরি সেবা বিভাগের কর্মীরা বার্সেলোনা থেকে প্রায় ৫২ কিলোমিটার উত্তরের পিনেদা দে মার শহরে নিখোঁজ এক ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাতালোনিয়া কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করে নাগরিকদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। আঞ্চলিক আবহাওয়া সংস্থা মেটিওক্যাটের পরিচালক সারাই সারোকা জানান, ভূমধ্যসাগরে সৃষ্ট একটি অস্বাভাবিক আবহাওয়া ব্যবস্থার প্রভাবে এই অঞ্চলে ‘মিনি হারিকেন’ বা তীব্র ঝড় আঘাত হানার ঝুঁকি তৈরি হয়েছে।
প্রবল বৃষ্টিতে বার্সেলোনার নিকটবর্তী বেলভিৎজে এবং কর্নেয়া এলাকায় বহু ঘরবাড়ি ও সড়ক প্লাবিত হয়েছে এবং বেশ কিছু গাড়ি পানিতে নিমজ্জিত অবস্থায় দেখা গেছে। সংবাদমাধ্যম লা ভ্যানগার্ডিয়া জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে বার্সেলোনা বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। এছাড়া স্থানীয় ট্রেন চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ার পাশাপাশি দোকানপাট দ্রুত বন্ধ করে দেয়া হয় এবং ফুটবল ম্যাচসহ বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে।





