যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা ‘অর্থহীন’: মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
বিদেশে এখন
0

যুদ্ধ বন্ধে ট্রাম্প সরাসরি বৈঠকের আগ্রহ দেখালেও; যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা 'অর্থহীন' বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও, ইরানের সেনাবাহিনীর দাবি, ওয়াশিংটনের সঙ্গে সামরিক সংঘাত চালিয়ে যেতে পর্যাপ্ত অস্ত্রের মজুত আছে তেহরানের। এদিকে, ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত দাবি করে ট্রাম্প বলেন; সন্ত্রাসী হামলার খবর পেয়েই যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারবোর্ড থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছে ওয়াশিংটন।

কখনও পাল্টাপাল্টি সামরিক সংঘাতের হুমকি ফের কখনও আলোচনায় বসার আভাস; দিনের পর দিন আর মাসের পর মাস পেরোলেও সমাধান আসেনি ইরান সংঘাতের।

রোববারই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, সহজ হোক কিংবা কঠিন ইরান ইস্যুতে শিগগিরই সিদ্ধান্তে পৌঁছাবে ওয়াশিংটন। এছাড়াও, সামরিক শক্তির জানান দিতে ইসরাইলে নিযুক্ত মার্কিন সেনাবহর তিন গুণ বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েনের আভাসও দেন ট্রাম্প। কিন্তু এর একদিন পর সুর নরম করে ইরান ইস্যুতে নমনীয় মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে সবসময় প্রস্তুত তিনি।

তবে ঠিকই ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তেহরানের সঙ্গে ব্যবসায় পরিচালনা না করার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ । কোনো প্রতিষ্ঠান এর অমান্য করলে মার্কিন আর্থিক নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে আগাম হুঁশিয়ারি ওয়াশিংটনের।

আর ট্রাম্পের নমনীয়তায় মন গলেনি তেহরানের। এতোদিন আলোচনায় বসার আগ্রহ দেখালেও নতুন করে ইরানের প্রেসিডেন্টের দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা অর্থহীন। তার দাবি, ওয়াশিংটন এর আগেও ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে আলোচনায় বসার পর কূটনীতির পরিবর্তে সামরিক সংঘাতকে বেছে নিয়েছে। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চালিয়ে যেতে তেহরানের উন্নত প্রযুক্তির পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত আছে বলে দাবি করেছে ইরান সেনাবাহিনী।

এদিকে, যুক্তরাষ্ট্র- ইরান পাল্টাপাল্টি কথার লড়াইয়ের মধ্যেই ইরান যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনার জন্য ইসলামাবাদ গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুই দিনের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আল জারদারি ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন তিনি।

অন্যদিকে, ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আর সন্ত্রাসী হামলার হুমকি পেয়েই যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারবোর্ড থেকে ওয়াশিংটন বোমারু বিমান সরিয়ে নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন, শত্রুপক্ষকে শনাক্ত করা হয়েছে ও এর সমুচিত জবাব দেবে ওয়াশিংটন। তবে নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

এফএস