ইউক্রেন যুদ্ধ বন্ধে বড় চুক্তি হতে যাচ্ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

হোয়াইট হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তিচুক্তি খুব আসন্ন হতে পারে। তবে এই চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আমরা রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’ তিনি আরও বলেন, ‘একটি চুক্তি হতে চলেছে। এটি একটি বড় চুক্তি হবে এবং এতে শুধু ইউক্রেন নয়, আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে।’ এই উদ্যোগে পুরো ইউরোপও যুক্ত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তবে ট্রাম্প জানান, ওই দিন হোয়াইট হাউসে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি সফররত ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে কোনো বৈঠক করেননি। পুতিনের দূতের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এই একান্ত বৈঠকটি অনুষ্ঠিত হয় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত এক কূটনৈতিক অনুষ্ঠানের পর। সেখানে রাশিয়া ও ইউক্রেনীয় প্রতিনিধিরা প্রথমবারের মতো একসঙ্গে অংশ নেন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রুশ অধিকৃত খেরসন অঞ্চলের ওলেশকি শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার লক্ষ্যে মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ছয় দিনের একটি স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতা রক্ষা ও অগ্রগতি উদযাপনেই হোয়াইট হাউসে ওই সমাবেশের আয়োজন করা হয়। গত ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলা এই যুদ্ধবিরতির মাধ্যমে অবরুদ্ধ ওলেশকি থেকে প্রায় ৮০০ বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়া সম্ভব হয় এবং সেখানে খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পৌঁছানো হয়। তবে ফার্স্ট লেডির ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে উপস্থিত ছিলেন না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রায়ই দ্রুত চুক্তির পূর্বাভাস দিয়ে থাকেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বেশ জোরদার হয়েছে।

এএম