গ্রাউন্ড স্টপ কী এবং কেন এই অচলাবস্থা?
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) গ্রাউন্ড স্টপ নির্দেশনার অর্থ হলো, উড়োজাহাজগুলোকে মাটিতেই অবস্থান করতে হবে এবং সেগুলো উড্ডয়ন করতে পারবে না। তবে নির্দেশনা জারির সময় যেসব উড়োজাহাজ আকাশে থাকে, সেগুলোকে সাধারণত গন্তব্যে যাওয়ার বা অবতরণের অনুমতি দেয়া হয়। এফএএর তথ্যানুযায়ী, সংস্থাটির ১৪ হাজারের বেশি এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক প্রতিদিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে উড্ডয়ন করা ৪৪ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেন। শুক্রবার যখন উড্ডয়ন বন্ধের নির্দেশনা দেয়া হয়, তখনো ৩ হাজার ৫০০টির বেশি উড়োজাহাজ আকাশে ছিল।
এফএএ এক বিবৃতিতে জানিয়েছে, টেলিযোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কারণেই শুক্রবার বিকেলে দেশের সব বিমানবন্দরে উড্ডয়ন বন্ধ এবং অবতরণে বিলম্ব ঘটে। যুক্তরাষ্ট্রের পরিবহন সেক্রেটারি শন ডাফি জানান, যোগাযোগ ও রাডার ব্যবস্থায় থেমে থেমে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। তবে এতে কোনো ফ্লাইট বা কারও জীবন ঝুঁকিতে পড়েনি। পুরোনো যন্ত্রপাতির কারণে রাউটারগুলোতে অতিরিক্ত ডেটার চাপ তৈরি হয় এবং সেখান থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করে।
অন্যদিকে হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন এবং পরিবহন সেক্রেটারি শন ডাফির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, নতুন প্রযুক্তি যুক্ত করার পর পুরোনো প্রযুক্তি অতিরিক্ত ডেটার চাপ সামলাতে না পারায় এই বিপর্যয় ঘটেছে। মাত্র তিন দিন আগেই এফএএ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সব কটিতে স্মার্ট নামের নতুন একটি ব্যবস্থাপনা প্রযুক্তি চালু করা হয়েছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত রয়েছে।
মুলিন বলেন, ‘এই মুহূর্তে যা মনে হচ্ছে তা হলো, সেক্রেটারি ডাফি এবং এফএএ যখন সিস্টেমে সংস্কারকাজ করছিলেন, তখন তারা নতুন যন্ত্রপাতি ও নতুন প্রযুক্তি যুক্ত করছিলেন। কিন্তু সেই নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি পুরোনো সিস্টেমের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। এ কারণেই সেক্রেটারি ডাফি স্পষ্ট করে বলেছেন যে জোড়াতালি দিয়ে কাজ চলবে না। আমাদের একটি পূর্ণাঙ্গ সিস্টেম দরকার।’ তবে এআই-যুক্ত নতুন স্মার্ট সিস্টেমের কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলে যে কথা উঠেছে, তা নাকচ করে দিয়েছেন শন ডাফি।
সাইবার হামলার কোনো প্রমাণ মিলেছে কি?
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, কোনো সাইবার হামলা বা অনিয়ন্ত্রিত এআই এজেন্টের কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ব্রিফিংয়ে মুলিন বলেন, ‘এটি যে সাইবার হামলা ছিল, তার বিন্দুমাত্র প্রমাণ আমরা দেখিনি। সাধারণত সাইবার হামলা হলে কোনো না কোনো গোষ্ঠী দায় স্বীকার করে। কিন্তু এখানে তেমন কোনো আলোচনা নেই। সিস্টেমে কারও অনুপ্রবেশের কোনো চিহ্ন বা পরিচয় আমরা পাইনি। মনে হচ্ছে যান্ত্রিক কারণেই এটি ঘটেছে।’
ফ্লাইট ও যাত্রীদের ওপর কতটা প্রভাব পড়েছে?
ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল ৩টা ৫৪ মিনিট (গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট) থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত চার ঘণ্টার বেশি সময় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে কোনো ফ্লাইটকে উড্ডয়নের অনুমতি দেয়া হয়নি। সিস্টেমগুলো পুরোপুরি পরীক্ষা করে সেগুলোর স্থিতিশীলতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার পরই ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয় বলে জানিয়েছে এফএএ।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৫ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে, যার ফলে আনুমানিক ১৫ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের ভেতরে এবং দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে ১০ হাজার ৫৪৩টি ফ্লাইট বিলম্বিত এবং ৩ হাজার ৫৮০টি ফ্লাইট বাতিল হয়েছে।
অনেক ক্ষেত্রে উড়োজাহাজ উড্ডয়ন করতে না পারায় কিংবা গেটে ফিরে যেতে না পারায় যাত্রীদের রানওয়েতে উড়োজাহাজের ভেতরেই আটকে থাকতে হয়। জায়গা খালি করার জন্য কিছু আন্তর্জাতিক ফ্লাইটকে অবশ্য মার্কিন বিমানবন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেয়া হয়। শনিবারও দেশজুড়ে এই ভোগান্তি অব্যাহত রয়েছে এবং ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী আরও শত শত ফ্লাইট বিলম্বিত বা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের এই অচলাবস্থার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। ইউরোপ এবং অস্ট্রেলিয়ার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে যুক্তরাষ্ট্রগামী বহু ফ্লাইটকে উড্ডয়ন না করার নির্দেশ দেয়া হয়। যুক্তরাজ্যেও কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে ম্যানচেস্টার ও হিথ্রো বিমানবন্দরে আসা ফ্লাইটগুলো কিছুটা বিলম্বের মুখে পড়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বেগ কেন?
শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে মার্কিন পরিবহন সেক্রেটারি শন ডাফি জানান, এই অচলাবস্থার রেশ কয়েক দিন পর্যন্ত অনুভূত হবে। তিনি বলেন, ‘আজ বিকেলে যা ঘটেছে, তার জট ছাড়াতে আমাদের কিছুটা সময় লাগবে।’
ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে শুক্রবার রাতের ব্রিফিংয়ে মার্কিন কংগ্রেসের কাছে তহবিলের আবেদন জানান ডাফি ও মুলিন। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে। ডাফি বলেন, ‘প্রেসিডেন্ট গত এক বছর ধরে সম্পূর্ণ নতুন একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা গড়ে তোলার জন্য কংগ্রেসের কাছে পূর্ণ তহবিল চেয়ে আসছেন। আমি চাই কংগ্রেস আমাদের জরুরি তহবিল দিক। আমি ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলার চাই। প্রেসিডেন্ট ট্রাম্প একজন নির্মাতা। তিনি এই নেটওয়ার্ক তৈরি করবেন এবং মার্কিন জনগণের জন্য তা উপহার দেবেন।’
এফএএর পুরোনো যোগাযোগব্যবস্থা মেরামতের জন্য গত বছর কংগ্রেস ১ হাজার ২৫০ কোটি (১২ দশমিক ৫ বিলিয়ন) ডলার অনুমোদন করেছিল। এছাড়া অন্যান্য সমস্যা সমাধানে শুক্রবার কংগ্রেসের কাছে আরও ৩ হাজার ১০ কোটি (৩০ দশমিক ১ বিলিয়ন) ডলার চেয়েছে এফএএ এবং হোয়াইট হাউস। চার ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সংকটের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বাভাবিকভাবে নীরব ছিলেন। তবে মুলিন ও ডাফি নিজেদের বক্তব্যে ট্রাম্পের প্রশংসা করেন এবং জানান যে তারা প্রেসিডেন্টের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন এবং তিনি পুরোপুরি সম্পৃক্ত ছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) সাবেক প্রধান জন পিস্টোল বিবিসিকে বলেছেন, সারা দেশের বিমানবন্দরগুলোর কার্যক্রম কত দ্রুত স্বাভাবিক হবে, সে বিষয়ে তিনি খুব একটা আশাবাদী নন। যন্ত্রপাতি পুরোনো হওয়ার বিষয়টি স্বীকার করলেও ঠিক এই সময়ে কেন ত্রুটি দেখা দিল তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। আসন্ন থ্যাংকসগিভিং ছুটির মৌসুমে ভ্রমণের আগে এটি উদ্বেগের বিষয় উল্লেখ করে পিস্টোল বলেন, ‘সাড়ে চার ঘণ্টার মধ্যে তারা যে সিস্টেমটি আবার চালু করতে পেরেছে তা সুসংবাদ এবং এটি সিস্টেমের সক্ষমতাকে তুলে ধরে। কিন্তু আগামীকালই যে আবার এমনটি ঘটবে না, তার নিশ্চয়তা কী?’
আগে কখনো এমন ঘটেছে কি?
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর কয়েক দিন সব ফ্লাইটের উড্ডয়ন নিষিদ্ধ রাখার পর থেকে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়া হলো।
এর আগের ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের জানুয়ারিতে। তখন নোটিশ টু এয়ার মিশনস (নোটাম) ব্যবস্থায় ত্রুটির কারণে ১ ঘণ্টা ৫২ মিনিট অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখতে হয়েছিল। ওই ঘটনায় প্রায় ৯ হাজার ৫০০ ফ্লাইট বিলম্বিত এবং প্রায় ১ হাজার ৩০০ ফ্লাইট বাতিল হয়েছিল। শুক্রবারের অচলাবস্থা সম্পর্কে ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাভিয়েশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাই গ্র্যাটন বিবিসি ভেরিফাইকে বলেন, ‘৯/১১-এর পর এটিকেই সবচেয়ে ভয়াবহ বলে মনে হচ্ছে, তবে অবশ্যই তা সেই মাত্রার নয়।’
—বিবিসি ও দ্য গার্ডিয়ানের এক্সপ্লেইনার অবলম্বনে





