যুক্তরাষ্ট্রে এয়ার ট্রাফিক নেটওয়ার্কে বিপর্যয়ের পর ফের ফ্লাইট চলাচল শুরু

বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের তথ্য দেখছেন এক যাত্রী
বিদেশে এখন
0

এয়ার ট্রাফিক কন্ট্রোল বা উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর এটিই দেশটির বিমান চলাচলে দীর্ঘতম অচলাবস্থা। তবে পরিস্থিতির উন্নতির পর শুক্রবার দেশজুড়ে ফ্লাইট উড্ডয়নের ওপর থেকে নিষেধাজ্ঞা (গ্রাউন্ড স্টপ) তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহন সেক্রেটারি শন ডাফি জানান, ইস্টার্ন টাইম রাত ৮টা ১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ১টা ১৫ মিনিট) মার্কিন আকাশসীমা আবার খুলে দেয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ফ্লাইট উড্ডয়ন ধীরে ধীরে শুরু হবে এবং বিমান সংস্থাগুলোর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সময় লাগবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ডাফি বলেন, ‘এটি ধীরগতিতে এগোবে।’

উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, রাত সাড়ে ১১টা নাগাদ প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ডেল্টা এয়ার লাইনস ও আমেরিকান এয়ারলাইনসের ২ হাজার ২০০টির বেশি করে এবং ইউনাইটেড এয়ারলাইনসের ১ হাজার ৮০০টি ফ্লাইট রয়েছে। ওয়েবসাইটটি জানিয়েছে, বড় বিমানবন্দরগুলোতে কিছু উড়োজাহাজকে গেট পাওয়ার জন্য পাঁচ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে।

বিমান চলাচল বিশ্লেষকেরা বলছেন, দেশজুড়ে চার ঘণ্টার এই অচলাবস্থার কারণে কয়েক দিন ধরে ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত থাকতে পারে। শন ডাফি জানান, সারা দেশের বিমানবন্দরগুলোতে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এই বিভ্রাট নিয়ে আলোচনা করতে তিনি এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। পুরোনো প্রযুক্তি, যন্ত্রপাতি ও যোগাযোগের সমস্যা এবং কয়েক হাজার নিয়ন্ত্রক কর্মীর সংকটে জর্জরিত মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার ওপর চাপের সর্বশেষ ও সবচেয়ে বড় লক্ষণ এই বিপর্যয়।

ডাফি জানান, বেলা ৩টা ৩৬ মিনিটে সমস্যার সূত্রপাত হয়। তখন উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেয়। তিনি বলেন, ‘আমাদের সুইচ ও রাউটারগুলোতে অতিরিক্ত ডেটার চাপ তৈরি হয়েছিল এবং সেগুলো থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করে। এ কারণে আমরা সিস্টেমটি বন্ধ করে দিই।’ তবে কোনো পর্যায়েই রাডার বা যোগাযোগব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি এবং হাজার হাজার উড়োজাহাজ নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।

তাৎক্ষণিক সমস্যাটি সমাধান করা হয়েছে এবং আকাশপথে ভ্রমণ এখন নিরাপদ জানিয়ে ডাফি সতর্ক করেন, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে পুরোনো এই নিয়ন্ত্রণব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজানো প্রয়োজন। নতুন একটি ব্যবস্থার জন্য তহবিল না দেয়ায় কংগ্রেসকে দায়ী করেন তিনি। তার মতে, নতুন ব্যবস্থা থাকলে এমন বিভ্রাট এড়ানো যেত। এটি আধুনিকায়নের জন্য তিনি ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলার বরাদ্দের আহ্বান জানান। এর আগে শুক্রবার এই বিভ্রাটের আগেই দেশের পুরোনো বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল অবকাঠামো উন্নত করতে ৩ হাজার ১০ কোটি (৩০ দশমিক ১ বিলিয়ন) ডলার অনুমোদনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছিল হোয়াইট হাউস ও পরিবহন দপ্তর। ডাফি বলেন, ‘আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাটি অত্যন্ত পুরোনো। এটি ঠিক করার জন্য আমাদের অর্থ দিন।’

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানান, সাইবার হামলা বা কোনো অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমের কারণে এই বিভ্রাট ঘটেছে বলে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না। মুলিন বলেন, ‘মনে হচ্ছে যান্ত্রিক কারণেই এটি ঘটেছে। তবে আমরা এখনো খতিয়ে দেখছি।’ এই তদন্তে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) কাজ করছে বলেও জানান তিনি।

বিমান সংস্থার দুই কর্মকর্তার মতে, এলথ্রিহ্যারিস টেকনোলজিসের তত্ত্বাবধানে থাকা একটি টেলিযোগাযোগ নেটওয়ার্কে এই বিভ্রাট দেখা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পাইলটদের সঙ্গে যোগাযোগের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা যে গুরুত্বপূর্ণ রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করেন, তা এই নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। তবে এ বিষয়ে বক্তব্যের জন্য অনুরোধ করা হলেও এলথ্রিহ্যারিস কোনো সাড়া দেয়নি।

উড্ডয়নের নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও যাত্রীদের ভোগান্তি কাটেনি। ফ্লাইট বিলম্ব ও বাতিলের সংখ্যা বাড়তে থাকায় এবং উড়োজাহাজগুলো গেটে পার্ক করা অবস্থায় থাকায় বোস্টন থেকে সিয়াটল এবং নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বিমানবন্দরের বহির্গমন হল ও এয়ারলাইনসের ডেস্কগুলোতে ভিড় জমান যাত্রীরা। হাজারো যাত্রীকে রাতভর বিমানবন্দরে আটকে থাকার পরিস্থিতিতে পড়তে হয়।

পেনসিলভানিয়ার ওয়েস্ট চেস্টারের বাসিন্দা ৫০ বছর বয়সী এডওয়ার্ড কার্গবোর রাত ৯টায় ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোগোর লোমেতে যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইটটির নতুন সময় শনিবার সকাল ৬টায় নির্ধারণ করায় তাকে বিমানবন্দরেই রাত কাটানোর পরিকল্পনা করতে হয়। তিনি বলেন, ‘আমাকে রাতটা এখানেই কাটাতে হবে। আমি আটকা পড়েছি।’ লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিপর্যয়ের কবলে পড়ায় নিউয়ার্ক বিমানবন্দরে আটকা পড়েন ৪৭ বছর বয়সী লুইস মাহের। তিনি বলেন, ‘আমি হয়তো একপর্যায়ে কেঁদেই ফেলব, তবে এখনো কাঁদছি না।’

এফএএর সিস্টেম বিপর্যয়ের জন্য বিমান সংস্থাগুলো দায়ী না থাকায় আটকে পড়া যাত্রীদের কোনো ক্ষতিপূরণ দিতে হবে না মার্কিন এয়ারলাইনসগুলোকে। ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখার অন্য একমাত্র ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের জানুয়ারিতে। তখন প্রায় ৯০ মিনিটের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রেখেছিল এফএএ।

এদিকে এই ঘটনার জেরে বিমান সংস্থাগুলোর আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। লেনদেন-পরবর্তী সময়ে আমেরিকান এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস ও ডেল্টা এয়ার লাইনসের শেয়ারের দাম ১ থেকে ২ শতাংশ এবং জেটব্লু এয়ারওয়েজের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে উড়োজাহাজ ও ক্রুদের প্রস্তুত রাখার জন্য তারা আন্তর্জাতিক গন্তব্য এবং তাদের প্রধান কেন্দ্রগুলোর বাইরের ছোট শহরগুলোতে ফ্লাইট পরিচালনাকে অগ্রাধিকার দিচ্ছে।

এএম