মুলিন বলেন, ‘প্রতিদিন আমাদের প্রেসিডেন্সিয়াল ব্রিফিংয়ের সময় আমরা ইরানের পক্ষ থেকে হামলার ছক-সংক্রান্ত হুমকির তথ্য পাই। আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পরিবার তাদের এক নম্বর নিশানা।’
বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার একটি সম্ভাব্য ইরানি ষড়যন্ত্র ইসরাইলি গোয়েন্দারা শনাক্ত করেছে—এমন এক প্রতিবেদনের বিষয়ে প্রশ্নের জবাবে মুলিন এসব কথা বলেন। সুনির্দিষ্ট ওই প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত না করলেও মুলিন জানান, কর্মকর্তারা হুমকির বিষয়ে অবগত রয়েছেন।
ক্রমবর্ধমান উন্নত ড্রোন প্রযুক্তি, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে মাদককারবারি চক্রগুলোর তৎপরতা এবং বড় জনসমাগমে নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে চালকবিহীন আকাশযান বা ড্রোন মোকাবিলাকে নিজের ‘এক নম্বর অগ্রাধিকার’ হিসেবে অভিহিত করেছেন মুলিন।
তিনি বলেন, ‘আমাদের ড্রোন প্রতিরোধী ব্যবস্থায় সহায়তা প্রয়োজন এবং ডিএইচএস এতে নেতৃত্ব দিচ্ছে। কারণ প্রতিদিন যুক্তরাষ্ট্রে মাদক ঢোকানোর চেষ্টায় থাকা কার্টেলগুলোর সঙ্গে লড়াই করতে গিয়ে আমাদের দক্ষিণ সীমান্তে আমরা আরও বেশি ড্রোনের মুখোমুখি হচ্ছি। আমরা এমন কিছু নতুন প্রযুক্তি দেখতে পাচ্ছি, যেগুলো পরাস্ত করা এই মুহূর্তে আমাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ছে।’
মাদক চোরাচালানের পথগুলো সচল রাখতে, মার্কিন নিরাপত্তাকর্মীদের ওপর নজরদারি করতে এবং টহলের সময়সূচি নজরে রাখতে মেক্সিকোর মাদককারবারি চক্রগুলো বাণিজ্যিক ও রূপান্তরিত ড্রোন ব্যবহার করছে বলে খবরে বলা হয়েছে। জয়েন্ট টাস্কফোর্স-সাউদার্ন বর্ডারের ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান ফিলার সাংবাদিকদের জানিয়েছেন, গত ৩০ দিনে সীমান্তে ৩৭৮ বার ড্রোনের অনুপ্রবেশ শনাক্ত করেছে মার্কিন সামরিক বাহিনী। এই প্রবণতা বাড়ছে এবং চোরাচালান ও মানব পাচারের লক্ষ্যে নজরদারির জন্য সাধারণত ক্যামেরাযুক্ত বাণিজ্যিক ড্রোন ব্যবহার করা হচ্ছে।
মুলিন জানান, ড্রোনের এই হুমকি কেবল দক্ষিণ সীমান্তেই সীমাবদ্ধ নয়, বরং বড় ক্রীড়া আয়োজন এবং বিশাল জনসমাগমের নিরাপত্তার ক্ষেত্রেও এটি বড় উদ্বেগের বিষয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ফিফা বিশ্বকাপ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২ হাজারের বেশি ড্রোনের মুখোমুখি হয়েছিল। সে সময় ৭০০টি ড্রোন জব্দ করার পাশাপাশি একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আগামী ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক আসর বসতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী সতর্ক করে বলেন, কেবল বড় আসর নয়, হাইস্কুল ফুটবল ম্যাচ, প্যারেড এবং পেশাদার ক্রীড়া আয়োজনের মতো নিত্যদিনের জনসমাগমেও ড্রোন নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
মুলিন বলেন, ‘প্রকৃত হুমকি মোকাবিলায় সরাসরি আঘাত হেনে ড্রোন ভূপাতিত করার সক্ষমতায় আমাদের কিছু ঘাটতি রয়েছে।’ আকাশসীমা নিরাপদ রাখার বিষয়টি জড়িত থাকায় তিনি এ নিয়ে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফির সঙ্গে সমন্বয় করছেন বলে জানান। সম্ভাব্য হুমকি নিষ্ক্রিয় করার সক্ষমতার ঘাটতি মেটাতে ডিএইচএসের ভেতর একটি বিশেষায়িত ড্রোন প্রতিরোধী বিভাগ চালু করা হয়েছে বলেও জানান মুলিন।





