টাক মাথায় শতভাগ চুল গজাবে বৈদ্যুতিক চিরুনিতে, দাবি চীনা বিজ্ঞানীদের

ডিট্যাঙ্গল বৈদ্যুতিক চিরুনির দাঁতের পালস চুলের ফলিকল উদ্দীপিত করে
তথ্য-প্রযুক্তি
বিদেশে এখন
0

দ্রুত নতুন চুল গজাতে এবং টাক সমস্যার সমাধানে নতুন ধরনের এক বৈদ্যুতিক চিরুনি উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, ডিট্যাঙ্গেল নামের এই ইলেকট্রনিক চিরুনি চুল পড়া রোধের প্রচলিত চিকিৎসার চেয়ে অনেক বেশি কার্যকর। তবে প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

এখন পর্যন্ত কেবল ইঁদুরের ওপর এই প্রযুক্তির পরীক্ষা চালানো হয়েছে। তবে বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটির মতে, পরীক্ষার ফলাফল বলছে এটি মানুষের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া বা পুরুষদের টাক পড়ার চিকিৎসায়ও কাজ করবে।

চলতি মাসে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার কমিউনিকেশনসে এই ইলেকট্রনিক চিরুনি নিয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ওই গবেষণায় দেখা গেছে, চুল পড়া রোধের জনপ্রিয় ওষুধ রোগেইনের সক্রিয় উপাদান মিনোক্সিডিলের চেয়েও ভালো ফল দিয়েছে ডিট্যাঙ্গেল প্রযুক্তি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই চিরুনির বৈদ্যুতিক দাঁতগুলোয় বিশেষ ধরনের ইলেকট্রোড ও ওষুধবাহী অণু যুক্ত করা হয়েছে। চিরুনিটি দিয়ে মাথা আঁচড়ানোর সময় এর দাঁত থেকে মৃদু বৈদ্যুতিক তরঙ্গ নির্গত হয়। এটি চুলের গোড়ায় একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে ফলিকলগুলোকে উদ্দীপ্ত করে এবং ওষুধ গভীরে পৌঁছে দেয়।

গবেষণা প্রবন্ধে গবেষকেরা লিখেছেন, ‘অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ায় আক্রান্ত ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে, প্রচলিত মিনোক্সিডিল ব্যবহারের তুলনায় এই পদ্ধতি চুল গজানোর হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। এর মাধ্যমে মাত্র এক মাসের মধ্যে চুল ফিরে পাওয়ার হার প্রায় ৭০ শতাংশ থেকে বেড়ে প্রায় ১০০ শতাংশে উন্নীত হয়েছে।’

পুরুষদের মধ্যে টাক পড়ার সমস্যা অত্যন্ত সাধারণ। জীবদ্দশায় ৮০ শতাংশ পর্যন্ত পুরুষ এই সমস্যায় আক্রান্ত হন। এই শারীরিক অবস্থার কারণে মানুষের মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মানও ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এতটা ব্যাপক হওয়া সত্ত্বেও এর চিকিৎসার সুযোগ তুলনামূলকভাবে সীমিত।

প্রচলিত চিকিৎসাগুলোর মধ্যে মিনোক্সিডিল চুল পড়া ধীর করতে এবং নতুন চুল গজাতে কার্যকর হতে পারে, তবে ব্যক্তিভেদে এর ফলাফলে ভিন্নতা দেখা যায়। এছাড়া এর সুফল পেতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে এবং ফলাফল ধরে রাখতে অনির্দিষ্টকাল ধরে এটি ব্যবহার করে যেতে হয়। এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মাথার ত্বকে অস্বস্তি বা জ্বালাপোড়া এবং কারও কারও ক্ষেত্রে মাথাব্যথা বাড়ার অভিযোগ পাওয়া যায়।

চুল পড়া রোধের আরেকটি জনপ্রিয় ওষুধ হলো ফিনাস্টেরাইড, যা প্রোপেসিয়া নামে বাজারজাত করা হয়। টাক পড়ার প্রাথমিক পর্যায়ে এটি বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তবে এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যৌন অক্ষমতা ও বিষণ্নতা।

সাম্প্রতিক সময়ে চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্লান্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই পদ্ধতিতে মাথার পেছনের বা পাশের যেসব অংশে সাধারণত চুল পড়ে না, সেখান থেকে চুলের গোড়া বা ফলিকল তুলে এনে টাক পড়া অংশে বসানো হয়। পদ্ধতিটি কার্যকর হলেও এটি বেশ জটিল, যন্ত্রণাদায়ক ও ব্যয়বহুল।

ডিট্যাঙ্গেল নামের নতুন চিরুনিটি মানুষের ওপর কাজ করবে কি না, তার কোনো সরাসরি প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে মানবদেহে যেকোনো চিকিৎসার কার্যকারিতা যাচাইয়ের প্রাথমিক মানদণ্ড হিসেবে ইঁদুরের ওপর চালানো পরীক্ষাকে বিবেচনা করা হয়। মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল বা চূড়ান্ত পরীক্ষা চালানোর আগে এটি কতটা নিরাপদ ও কার্যকর, তা নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন হবে।

—দ্য ইন্ডিপেন্ডেটের প্রতিবেদনে অবলম্বনে

এএম