গত ১১ এপ্রিলের ওই ঘটনায় মার্কিন সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনে তার বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রকাশ করা হয়। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
মার্কিন কৌঁসুলিরা জানিয়েছেন, ঘটনার দিন ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ও’কোরাইন বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভেতরে ঢোকেন। এরপর ট্যাক্সিওয়েতে দাঁড়িয়ে থাকা মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের একটি সি-১৩০ হারকিউলিস বিমানে প্রবেশ করেন তিনি। সামরিক দায়িত্ব পালনের জন্য বিমানটি অন্য একটি দেশে যাওয়ার পথে সেখানে যাত্রাবিরতি করেছিল।
কৌঁসুলিরা জানান, বিমানের ভেতরে ঢুকতে তিনি সেটির তালা ভেঙে ফেলেন এবং ভেতরে নিজেকে আটকে রাখেন। দরজাগুলো যাতে খোলা বা বন্ধ করা না যায়, সে জন্য তিনি ফিতা, ব্র্যাকেট ও স্ক্রু দিয়ে দরজা আটকে দেন এবং দরজার ট্র্যাকে ইপোক্সি আঠার সঙ্গে বল বিয়ারিং মিশিয়ে রেখে দেন বলে অভিযোগ করা হয়েছে।
এরপর কয়েক ঘণ্টা ধরে ও’কোরাইন বিমানের তারের বান্ডিল ও হাইড্রোলিক লাইন কেটে ফেলেন, তরল অক্সিজেনের লাইন চ্যাপ্টা করে দেন, বাতাসের নালিতে ছিদ্র করেন এবং ককপিটের প্রতিটি মিটার ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি কুড়াল দিয়ে বিমানের বাইরের অংশের ক্ষতি করেন এবং জ্বালানি ট্যাংকে বল বিয়ারিংসহ বিভিন্ন পদার্থ ও বস্তু ঢেলে দেন।
মার্কিন কৌঁসুলিরা জানিয়েছেন, প্রায় ৬ কোটি ডলার মূল্যের বিমানটি পুরোপুরি অকেজো হয়ে পড়েছে এবং সেটি আর কখনোই সক্রিয় উড্ডয়নে ফিরতে পারবে না।
মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, ও’কোরাইন বিমানটি নিয়ে গবেষণা করেছিলেন এবং কয়েক মাস ধরে এই হামলার পরিকল্পনা করেন। তিনি সি-১৩০ বিমানের গঠন এবং কারও নজরে না পড়ে বিমানবন্দরে ঢোকার স্থানাঙ্ক জানতে অনলাইনে অনুসন্ধান চালিয়েছিলেন। এছাড়া সামরিক বিমানসহ সরাসরি ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য দেয় এমন একটি মোবাইল অ্যাপের গ্রাহক হয়েছিলেন তিনি। পাশাপাশি গ্যালিয়াম নামের একধরনের রাসায়নিকের ক্যাপসুল অর্ডার করেছিলেন, যা ইস্পাত ক্ষয় করতে এবং অ্যালুমিনিয়াম ভেঙে ফেলতে সক্ষম।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, শ্যানন বিমানবন্দরের নিরাপত্তা ভাঙার আগের একটি ঘটনায় জড়িত ছিলেন এমন এক ব্যক্তির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) নিউ ইয়র্ক দপ্তরের প্রধান জেমস বার্নাকল এক বিবৃতিতে বলেন, ‘এটি তাৎক্ষণিক কোনো ভাঙচুরের ঘটনা ছিল না।’
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এফবিআই কর্মকর্তারা জানিয়েছেন, সর্বোচ্চ ক্ষতি করার প্রস্তুতি নিয়েই ও’কোরাইন সরঞ্জাম ও উপকরণ সংগ্রহ করেছিলেন। কৌঁসুলিরা আরও অভিযোগ করেছেন, বিস্ফোরণের ঝুঁকি এড়াতে তিনি বিমানের নির্দিষ্ট একটি লাইন কাটা থেকে বিরত ছিলেন।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, বিমানের ক্রুরা অন্য কোথাও বিশ্রাম শেষে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দরে ফিরে আসেন। এ সময় ঢাকা না থাকা ককপিটের সামনের কাচ দিয়ে তারা ও’কোরাইনকে ভেতরে দেখতে পান এবং নিরাপত্তাকর্মীদের সতর্ক করেন। এরপর ক্রুরা তাকে বিমানের ছাদের হ্যাচ দিয়ে বের হয়ে কুড়াল দিয়ে বিমানের বাইরের অংশে আঘাত করতে দেখেন। অভিযোগপত্রে যুক্ত করা ছবিতে এক ব্যক্তিকে বিমানের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আয়ারল্যান্ডের পুলিশ বাহিনী আন গারদা শিওখনা ঘটনাস্থল থেকেই ও’কোরাইনকে গ্রেপ্তার করে। সে দেশে তার বিরুদ্ধে ফৌজদারি ক্ষতিসাধন ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়।
ও’কোরাইন বর্তমানে মার্কিন হেফাজতে নেই এবং নতুন এই অভিযোগের বিষয়ে আদালতে শুনানির দিনক্ষণও এখনো নির্ধারণ করা হয়নি। অভিযোগপত্রে বলা হয়েছে, তাকে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে নিয়ে আসা হবে এবং সেখানে গ্রেপ্তার দেখানো হবে বলে ধারণা করা হচ্ছে। আদালতের অনলাইন নথিতে তার পক্ষে কথা বলার মতো কোনো আইনজীবীর নাম উল্লেখ নেই।
ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেন, এই অভিযোগপত্র ‘একটি স্পষ্ট ও শক্তিশালী বার্তা দিয়েছে যে মার্কিন সামরিক সম্পদ এবং আমাদের জাতীয় নিরাপত্তার ওপর কোনো ধরনের হামলা বরদাশত করা হবে না।’ এফবিআই জানিয়েছে, এই হামলার কারণে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান ঝুঁকির মুখে পড়েছিল।
অন্যদিকে ও’কোরাইনের সমর্থকেরা তাকে একজন স্বতন্ত্র শান্তিকর্মী হিসেবে বর্ণনা করেছেন। নিজেদের তার বন্ধু ও সহযোদ্ধা পরিচয় দিয়ে তহবিল সংগ্রহের একটি অনলাইন আয়োজনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এবং গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদ জানাতেই তিনি বিমানটির ক্ষতি করেছেন।
তহবিল সংগ্রহের আয়োজক ট্রেসি রায়ান লিখেছেন, ‘ইসরাইলের গণহত্যায় অবৈধ যুদ্ধ-সহায়তার মুখে আয়ারল্যান্ডে মার্কিন সামরিক বাহিনীর অনাকাঙ্ক্ষিত উপস্থিতির প্রতিবাদ জানাতে শ্যানন বিমানবন্দরে এই অনুপ্রেরণাদায়ী প্রত্যক্ষ পদক্ষেপ নেয়া হয়েছে।’
আয়ারল্যান্ডের পশ্চিমাঞ্চলে অবস্থিত শ্যানন বিমানবন্দর একটি আন্তর্জাতিক প্রবেশদ্বার এবং মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান এই বিমানবন্দর ব্যবহার করেছিল।
সাম্প্রতিক বছরগুলোয় এই বিমানবন্দরে বেশ কয়েকবার নিরাপত্তা বেষ্টনী ভাঙার ঘটনা ঘটেছে। বিবিসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে তিন ব্যক্তি একটি ভ্যান চালিয়ে বিমানবন্দরের সীমানা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়েন। একই মাসে অপর এক ঘটনায় মার্কিন সামরিক বিমানে স্প্রে-পেইন্ট করার অভিযোগ ওঠে তিন ব্যক্তির বিরুদ্ধে, যার ফলে বিমানটি সাময়িকভাবে অকেজো হয়ে পড়েছিল। সর্বশেষ এই ঘটনা বিমানবন্দরটির নিরাপত্তা লঙ্ঘনের তালিকায় নতুন করে যুক্ত হলো।
—টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে অবলম্বনে





