যুক্তরাষ্ট্রে ব্যাংক, বিমান ও সরকারি সংস্থায় প্রযুক্তিগত বিপর্যয়; সাইবার হামলার শঙ্কা নাকচ

আউটলুক, অ্যাপল এবং চেজ ব্যাংকের লোগো সংবলিত প্রতীকী ছবি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে গত কয়েক দিনে বড় ব্যাংক, বিমান সংস্থা, মাইক্রোসফট ও অ্যাপলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন সংস্থার ব্যবস্থায় একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। সর্বশেষ সোম ও মঙ্গলবার দেশটির শীর্ষ ব্যাংক এবং জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায়ও এই বিভ্রাট ছড়িয়ে পড়ে। এছাড়া পৃথক এক সাইবার নিরাপত্তা ঘটনায় কয়েক ডজন জনপ্রিয় ওয়েবসাইটের দর্শকদের নিশানা করা হয়েছে। তবে এসব ঘটনার একটির সঙ্গে অন্যটির যোগসূত্র বা কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

সাম্প্রতিক এই নিরাপত্তা হুমকির বিষয়ে মঙ্গলবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি-বিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন সিএনবিসির স্কোয়াক বক্স অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্র কোনো সাইবার হামলার শিকার হয়নি। তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা কোনো হামলার মুখে পড়িনি। কোনো ধরনের সাইবার হুমকির ঘটনা ঘটেনি। দেশ সম্পূর্ণ নিরাপদ রয়েছে।’ এর আগে সোমবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, মার্কিন নাগরিকদের ‘সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে’, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জরুরি পরিস্থিতি মোকাবিলায় মার্কিন শহরগুলোকে আরও প্রস্তুত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফল হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আসন্ন কোনো সংকটের আশঙ্কা নেই। এদিকে মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে টেলিভিশন ও রেডিওতে মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) জরুরি সতর্কবার্তা ব্যবস্থার দেশব্যাপী নিয়মিত পরীক্ষার বিষয়টিকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কেবলই একটি সংক্ষিপ্ত পরীক্ষা।

এই প্রযুক্তিগত বিপর্যয় নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহি দাবি করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু অংশের নেতা হাকিম জেফরিস। তিনি বলেন, ‘আমি মনে করি প্রশাসনের এখন ক্যাপিটল হিলে এসে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সময় হয়েছে, যাতে কী পদক্ষেপ নেয়া প্রয়োজন তা আমরা জানতে পারি এবং যুক্তরাষ্ট্রের জনগণকে তা জানাতে পারি।’ অন্যদিকে সিনেটের গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সিনেটর মার্ক ওয়ার্নার সংবাদমাধ্যম নিউজ নেশনকে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার মধ্যে প্রতিষ্ঠানগুলো নিজেদের নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করতে গিয়ে এই বিভ্রাটের মুখে পড়ে থাকতে পারে। তিনি বলেন, ‘কিছু এআই টুল এত বেশি নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করেছে যে প্রতিষ্ঠানগুলো তাড়াহুড়ো করে সেগুলো মেরামতের চেষ্টা করছে। আপনি যখন সিস্টেমের ভেতর দিয়ে একসঙ্গে কয়েক ডজন মেরামতের প্যাচ চালানোর চেষ্টা করবেন, তখন এ ধরনের ত্রুটি ঘটার আশঙ্কা বেড়ে যায়।’

সোমবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো ও ইউএস ব্যাংকসহ বড় কয়েকটি ব্যাংকের হাজারো গ্রাহক অনলাইনে সেবা পেতে ভোগান্তিতে পড়েন। একই সময়ে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম জেল ব্যবহারকারীরাও লেনদেন করতে গিয়ে ত্রুটির মুখে পড়েন। ইন্টারনেট সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেকটরে একপর্যায়ে চেজ ব্যাংকের প্রায় ৫ হাজার, ব্যাংক অব আমেরিকার ২ হাজার ১০০টির বেশি এবং ইউএস ব্যাংক ও ওয়েলস ফার্গোর ১ হাজার ৫০টির বেশি বিভ্রাটের অভিযোগ জমা পড়ে। টেক্সাসের ডালাস শাখায় চেক জমা দিতে না পেরে এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও অনেকে ভোগান্তির কথা জানান।

যুক্তরাষ্ট্রে ৫ হাজার শাখার মাধ্যমে ৮ কোটি ৬০ লাখের বেশি গ্রাহক ও ৭৪ লাখ ক্ষুদ্র ব্যবসায়ীকে সেবা দেয়া জেপি মরগান চেজ এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, তাদের নিজস্ব হার্ডওয়্যার সিস্টেমে একটি সফটওয়্যার ত্রুটির কারণে এই সাময়িক সমস্যা দেখা দিয়েছে এবং এর সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক নেই। প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহকদের সেবা দিতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে এবং তাদের সঙ্গে লেনদেনে যুক্ত অন্যান্য ব্যাংকও এই ধীরগতির কারণে প্রভাবিত হয়ে থাকতে পারে। তবে গ্রাহকদের অ্যাকাউন্ট ও তহবিল নিরাপদ রয়েছে। অন্যদিকে ইউএস ব্যাংক, পিএনসি, ক্যাপিটাল ওয়ান ও ট্রুইস্ট কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, তাদের নিজস্ব সিস্টেম সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি এবং সেবা স্বাভাবিক রয়েছে। পেমেন্ট অ্যাপ জেল কর্তৃপক্ষও দাবি করেছে, তাদের সেবা স্বাভাবিকভাবেই চলছে, তবে ব্যাংকগুলোর সমস্যার কারণে জেলের লেনদেনে বিলম্ব হতে পারে। সোমবার শেষ ভাগের দিকে ব্যাংকিং সেবায় বিভ্রাটের অভিযোগ উল্লেখযোগ্য হারে কমে আসে। এছাড়া মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান চার্লস শোয়াবের ওয়েবসাইটেও সংক্ষিপ্ত সময়ের জন্য লোডিং সমস্যা দেখা দেয়, যা পরে সমাধান করা হয়।

ব্যাংকিং খাতের পর মঙ্গলবার মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এনএসএ নেট অচল হয়ে পড়ে বলে জানায় সিএনএন। এই ব্যবস্থার মাধ্যমে সংস্থার কর্মীরা অভ্যন্তরীণ গোপনীয় তথ্য আদান-প্রদান করেন। এনএসএ এক বিবৃতিতে জানায়, নির্ধারিত নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কিছু অভ্যন্তরীণ সিস্টেমে সাময়িক বিঘ্ন ঘটেছে, তবে তাদের গুরুত্বপূর্ণ অভিযান-সংক্রান্ত সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার কাজ পুরোপুরি সচল রয়েছে। একই দিনে অ্যাপলের আইক্লাউড, অ্যাপল পে, অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক, অ্যাপলকেয়ার এবং আইপ্যাড ও অ্যাপল ওয়াচ ব্যবহারে সমস্যার কথা জানান গ্রাহকেরা। মঙ্গলবার গুগলের ইমেইল সেবা জিমেইল ব্যবহারেও ২ হাজার ৮০০ জনের বেশি ব্যবহারকারী বার্তা আদান-প্রদান ও অ্যাপে সমস্যার অভিযোগ করেন। তবে গুগল এক বিবৃতিতে দাবি করেছে, জিমেইল সেবায় বড় ধরনের কোনো বিপর্যয়ের প্রমাণ তারা পায়নি। একই দিনে হোটেল চেইন ম্যারিয়টের ওয়েবসাইট ও অ্যাপে লগইন করতে গিয়েও কারিগরি সমস্যার মুখে পড়েন ব্যবহারকারীরা।

এর আগে সোমবার প্রযুক্তিগত ত্রুটির কারণে শিকাগোভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের উড্ডয়নের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে সংস্থাটির ৪১৮টি ফ্লাইট বিলম্বিত হয়। হিউস্টনে এক পাইলটকে সিস্টেম সচল না হওয়া পর্যন্ত গেটে অপেক্ষার অনুমতি চাইতে শোনা যায়। তবে মাঝ-আকাশে থাকা ফ্লাইট বা ইউনাইটেড এক্সপ্রেসের আঞ্চলিক ফ্লাইটগুলো এতে ক্ষতিগ্রস্ত হয়নি এবং পরে সমস্যার সমাধান করা হয়। এর কয়েক দিন আগেই গত শুক্রবার আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোয় যোগাযোগ সমস্যার কারণে সারা দেশে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ঘোষণা করেছিল মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর ২০২৩ সালের জানুয়ারিতে একবার এবং এরপর গত শুক্রবারই যুক্তরাষ্ট্রে এভাবে দেশব্যাপী বিমান উড্ডয়ন বন্ধ করার ঘটনা ঘটল। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, পুরোনো অ্যানালগ সিস্টেমে অতিরিক্ত চাপের কারণে ওই বিভ্রাট ঘটেছিল, এটি কোনো সাইবার হামলা ছিল না। এছাড়া গত সপ্তাহে মাইক্রোসফটের আউটলুক, টিমস, কোপাইলট, ওয়ানড্রাইভ ও শেয়ারপয়েন্টসহ বিভিন্ন প্ল্যাটফর্মেও বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল।

এদিকে পৃথক এক ঘটনায় জুম, এইচএসবিসি, ইকুইফ্যাক্স, সিএনএন, সেলসফোর্স ও আইকিয়াসহ ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড পাওয়া গেছে বলে রয়টার্সকে জানিয়েছেন গবেষক স্কট হেলমে। ওয়েবসাইট অপটিমাইজেশন প্ল্যাটফর্ম অপটিমাইজলির মাধ্যমে যুক্ত করা ওই কোডের লক্ষ্য ছিল ক্রিপ্টোকারেন্সি ও পেমেন্ট কার্ডের তথ্য চুরি, কুকি ও স্ক্রিনশট হাতিয়ে নেয়া এবং অ্যাপলের আইওএস ডিভাইস ব্যবহারকারীদের নিশানা করা। অপটিমাইজলি জানিয়েছে, তারা ত্রুটি সারিয়ে ক্ষতিকর কোডটি সরিয়ে ফেলেছে। সেলসফোর্স ও ইকুইফ্যাক্স ওই প্ল্যাটফর্মের ব্যবহার বন্ধ করেছে এবং এইচএসবিসি জানিয়েছে, তাদের ওয়েবসাইটে ওই কোড সক্রিয় ছিল না। তবে অ্যাপল, জুম ও সিএনএন এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। এ ঘটনায় কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তা স্পষ্ট নয়।

একের পর এক এই প্রযুক্তিগত বিপর্যয়ের বিষয়ে নেটওয়ার্ক ও অবকাঠামো ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নেটবক্স ল্যাবসের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা ক্রিস বিভার্স বিবিসিকে বলেন, ‘এখানে কোনো ষড়যন্ত্র নেই। বরং এর পেছনে খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। তা হলো, বিশ্বকে সচল রাখা অবকাঠামো আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত বদলাচ্ছে, আর পরিবর্তনের সঙ্গে ঝুঁকিও থাকে। এসব অবকাঠামোর অনেকগুলোই ৩০ থেকে ৪০ বছরের পুরোনো এবং এখন সেগুলোকে খুব দ্রুত পরিবর্তন করতে হচ্ছে।’ তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এই পুরোনো নেটওয়ার্কের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। কয়েক ঘণ্টার মধ্যে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ায় কর্মীদের দ্রুত নেটওয়ার্কে পরিবর্তন আনতে হচ্ছে, যা বৈশ্বিক পর্যায়ে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করার মতো জটিল কাজ। আগামী মাসগুলোয় এ ধরনের আরও বড় বিপর্যয় দেখা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো আল্টো নেটওয়ার্কসের ইউনিট ৪২-এর ভাইস প্রেসিডেন্ট শেরড ডিগ্রিপো বলেন, ‘এই সপ্তাহের ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে যে আমাদের মূল ডিজিটাল অবকাঠামো পরস্পরের সঙ্গে কতটা নিবিড়ভাবে যুক্ত ও নাজুক, যেখানে একটি মাত্র সফটওয়্যার ত্রুটি বা রাউটার অচল হয়ে পড়লে তার প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।’

—নিউজনেশন ও বিবিসির প্রতিবেদনে অবলম্বনে

এএম