আহসান ইকবাল বলেন, ‘আমি পাঞ্জাবে চারটি, সিন্ধুতে চারটি, খাইবার পাখতুনখাওয়ায় তিনটি এবং বেলুচিস্তানে তিনটি প্রদেশ করার কথা শুনেছি।’ মন্ত্রী জানান, নতুন প্রদেশ গঠনের বিষয়ে চলমান বিতর্ক পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে গত সেপ্টেম্বরে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি লিখেছিলেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
ইসলামাবাদের প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে আহসান ইকবাল জানান, রাজধানীর জন্য একটি বিকল্প প্রশাসনিক কাঠামো তৈরির দায়িত্ব তাকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন রাজধানী শহরের ব্যবস্থা পর্যালোচনার পর আমরা স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের মাঝামাঝি একটি সমন্বিত বা হাইব্রিড সরকারের মডেল উপস্থাপন করেছি। ইসলামাবাদের জন্য একটি আইন প্রণয়নকারী ফোরাম এবং স্বশাসিত শাসনব্যবস্থা প্রয়োজন।’
বর্তমানে ইসলামাবাদ-সংক্রান্ত যেকোনো আইন প্রণয়নের বিষয়টি জাতীয় পরিষদ ও সিনেটের সমন্বয়ে গঠিত পার্লামেন্টে তুলতে হয়। তাই প্রস্তাবিত মডেলে রাজধানীর জন্য আলাদা একটি আইন প্রণয়নকারী ফোরামের কথা ভাবা হয়েছে।
প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় ইসলামাবাদে একজন মুখ্যমন্ত্রী বা মেয়র এবং প্রায় ২৫ সদস্যের একটি পরিষদ থাকতে পারে। এর মধ্যে ২১টি সাধারণ আসন, নারীদের জন্য সংরক্ষিত তিনটি এবং সংখ্যালঘুদের জন্য একটি আসন থাকবে। আহসান ইকবাল জানান, পরবর্তী পর্যায়ে ইউনিয়ন কাউন্সিলের আদলে সরকারের নির্বাচিত তৃতীয় একটি স্তরও চালু করা হতে পারে।
পরিকল্পনামন্ত্রী আরও জানান, রাওয়ালপিন্ডি বিভাগের সংলগ্ন এলাকাগুলোকে যুক্ত করে ইসলামাবাদের সীমানা বাড়ানোর আলোচনার কথাও তিনি শুনেছেন। এর মাধ্যমে রাজধানীকে একটি স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দেয়া হতে পারে।
আহসান ইকবাল বলেন, ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় সিনেট নির্বাচনের আগেই নতুন প্রদেশ গঠনের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। বর্তমানে পাকিস্তানের পার্লামেন্টের ৯৬ সদস্যের উচ্চকক্ষ সিনেটে চারটি প্রদেশের সমান প্রতিনিধিত্ব রয়েছে। তিনি বলেন, ‘তা না করে সিনেট নির্বাচনের পর নতুন প্রদেশ গঠন করা হলে একটি জটিলতা তৈরি হতে পারে। তখন নতুন প্রদেশগুলো বলতে পারে যে সিনেটে তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব নেই এবং ছয় বছরের জন্য তাদের এই বঞ্চনা মেনে নিতে হবে।’
এ সময় দেশে প্রেসিডেনশিয়াল পদ্ধতির সরকারব্যবস্থা চালুর গুঞ্জন নাকচ করে দেন আহসান ইকবাল। তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা চালুর বিষয়ে কোনো গুরুতর প্রস্তাবের কথা তিনি শোনেননি।
নতুন প্রদেশ গঠনের বিতর্ক এগিয়ে নিতে রাজনীতিবিদদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এই মন্ত্রী। তিনি বলেন, ‘এখান-সেখান থেকে প্রস্তাব আসার চেয়ে রাজনীতিবিদদেরই উচিত সামনে থেকে এই বিতর্ককে এগিয়ে নেয়া। বিষয়টি এড়িয়ে চলা কোনো কাজে আসবে না। পাকিস্তানের প্রশাসনিক সংস্কার প্রয়োজন। কারণ, সংবিধানের ১৮তম সংশোধনীর পর প্রদেশগুলো ক্ষমতা বিকেন্দ্রীকরণে বিন্দুমাত্র পদক্ষেপ নেয়নি। ফলে প্রাদেশিক কাঠামোগুলো ওপরের দিকে অতিমাত্রায় ভারী হয়ে উঠেছে।’





