গত ১২ নভেম্বর থেকে মাইক্রোসফট, ইউনাইটেড এয়ারলাইন্স, অ্যাপল, চার্লস শোয়াব, হোটেল চেইন ম্যারিয়ট, বিভিন্ন ব্যাংকিং সেবা এবং এমনকি মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপনীয় নেটওয়ার্কেও বিভিন্ন মাত্রার প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবে একটি রাউটার বদলাতে গিয়ে সারা দেশে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া দেশটির জাতীয় আবহাওয়া সংস্থায় (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) রক্ষণাবেক্ষণ কাজের সময় আরেকটি বিভ্রাট দেখা দেয়। ভ্রমণ, ব্যাংকিং, আবাসন, আবহাওয়া সেবা ও জাতীয় নিরাপত্তা অভিযানের মতো বিভিন্ন খাতে এই বিপর্যয় ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ম্যারিয়ট কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট ও বনভয় অ্যাপে সাইন-ইন করার ক্ষেত্রে কারিগরি সমস্যার কথা নিশ্চিত করলেও পর্যালোচনায় এর সঙ্গে সাইবার নিরাপত্তার কোনো যোগসূত্র পায়নি।
উত্তর টেক্সাসের দুই প্রযুক্তি বিশেষজ্ঞের মতে, এসব ঘটনার কারণ হয়তো কোনো অসৎ উদ্দেশ্য নয়, তবে তা কম উদ্বেগেরও নয়। ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. হোসে লিনেরোস বলেন, ‘প্রথমত, সব ঘটনার ব্যাখ্যা দেয়ার মতো একক কোনো জাদুকরী উত্তর নেই। তবে কিছু বিষয় বারবার ফিরে আসছে। আর এর মধ্যে নিশ্চিতভাবেই একটি বড় বিষয় হলো পুরোনো সিস্টেম।’
লিনেরোস জানান, পুরোনো প্রযুক্তিকে ক্রমেই নতুন সফটওয়্যারের সঙ্গে কাজ করতে বাধ্য করা হচ্ছে, যা ত্রুটির ঝুঁকি তৈরি করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত কম্পিউটার নেটওয়ার্ক এবং সফটওয়্যার তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার। ফলে সমস্যার আশঙ্কা বহুগুণ বেড়ে যাচ্ছে। একটি স্থানের ত্রুটি একাধিক সিস্টেমে ছড়িয়ে পড়তে পারে, যার ফলে সমস্যাটি কোথায় শুরু হয়েছিল তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, ‘আমি মনে করি আধুনিক যুগে আমাদের এই বাস্তবতার মুখোমুখি হতে হবে যে এআইয়ের সফটওয়্যার লেখার টুল থেকে যা বের হয়ে আসে, তাকে আমরা অন্ধভাবে বিশ্বাস করতে পারি না।’
সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ড. ক্লাইন স্মিথ বলেন, এই বিপর্যয়গুলোর সময়কালও মানুষের মনে সন্দেহের জন্ম দিচ্ছে। সামনে ছুটির মৌসুমের কেনাকাটা শুরু হতে যাওয়ায় বাড়তি চাপ সামলাতে প্রতিষ্ঠানগুলো তাদের জটিল সিস্টেম হালনাগাদ করছে। তিনি বলেন, ‘এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ আপনি একটি জটিল সিস্টেমে হালনাগাদ করছেন।’ তবে ধারাবাহিক এই ব্যর্থতা কোনো সমন্বিত হামলার প্রমাণ নয় উল্লেখ করে স্মিথ বলেন, ‘যখন কয়েকটি বড় প্রতিষ্ঠান একসঙ্গে অচল হয়ে পড়ে, তখন আমরা ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খুঁজি। এটি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু এটি কোনো প্রমাণিত কারণ নয়।’
স্মিথ জানান, বর্তমান প্রযুক্তির জটিলতার কারণে নিয়মিত হালনাগাদের কাজও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ব্যাংকিং, বিমান চলাচল ও সরকারি নেটওয়ার্কগুলো এযাবৎকালের সবচেয়ে জটিল ব্যবস্থাগুলোর অন্যতম। এর একটি অংশ পরিবর্তন করলে অন্য কোথাও অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে। সাধারণ মানুষ এসব ব্যবস্থা নিখুঁতভাবে কাজ করবে বলে ধরে নেয়, কিন্তু সবচেয়ে উন্নত প্রযুক্তিরও সীমাবদ্ধতা রয়েছে। স্মিথ বলেন, ‘তাই আমাদের প্রত্যাশার জায়গাটি বদলাতে হবে। সিস্টেম কখনোই অচল হবে না—এমন ধারণার বদলে কদাচিৎ অচল হবে, দ্রুত সচল হবে এবং কী ঘটেছে তা আমাদের জানানো হবে—এমন প্রত্যাশা করতে হবে।’
চব্বিশ ঘণ্টা নিরবচ্ছিন্ন প্রযুক্তিসেবা পেতে অভ্যস্ত গ্রাহকদের ধৈর্য ও আস্থার পরীক্ষা নিচ্ছে সাম্প্রতিক এই ব্যর্থতা। লিনেরোস বলেন, কেবল অতীতে মুখোমুখি হওয়া হুমকির জন্য প্রস্তুত না থেকে ভবিষ্যতে কী ধরনের সমস্যা হতে পারে, তা আগেভাগে অনুমান করার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ হতে হবে। অন্যদিকে স্মিথ মনে করেন, প্রযুক্তির কাছে নিখুঁত হওয়ার আশা না করে গ্রাহকদের উচিত জবাবদিহি দাবি করা। তিনি বলেন, ‘অত্যন্ত উচ্চমাত্রার নির্ভরযোগ্যতা আশা করুন, শতভাগ নিখুঁত হওয়া নয়।’
আপাতত এই ধারাবাহিক প্রযুক্তিগত বিভ্রাট একটি বাস্তব ঘটনা হলেও এগুলো কোনো সমন্বিত সাইবার হামলার অংশ হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। দৈনন্দিন জীবন প্রযুক্তির ওপর যত বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, তাতে সিস্টেম অচল হবে কি না তার চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে অচল হওয়ার পর তা কত দ্রুত সচল করা সম্ভব।
প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবস্থা জোরদারে কাজ করলেও ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে গ্রাহকদের কয়েকটি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন ড. লিনেরোস। তিনি জানান, ব্যাংকিং ও সংবেদনশীল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঠেকাতে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন বা বহুস্তরের নিরাপত্তা যাচাই পদ্ধতি ব্যবহার করা উচিত। আর্থিক লেনদেন কিংবা জেল বা ভেনমোর মতো সেবার মাধ্যমে অর্থ পাঠানোর সময় পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে মোবাইলের নিজস্ব ইন্টারনেট সংযোগ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া ঘরের ইন্টারনেট নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড বদলে শক্তিশালী পাসওয়ার্ড দেয়া, প্রচলিত পাসওয়ার্ডের বদলে একাধিক শব্দের সমন্বয়ে দীর্ঘ পাসফ্রেজ ব্যবহার করা এবং কোনো প্রতিষ্ঠানে তথ্য ফাঁসের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ওই পাসওয়ার্ড এবং সেটি অন্য যেখানে ব্যবহার করা হয়েছে তার সব জায়গায় পরিবর্তনের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।





