যুক্তরাষ্ট্রে সব ফ্লাইট স্থগিত হয়ে যাওয়া এবং ব্যাংকিং খাত, অ্যাপল ও মাইক্রোসফটের সেবায় ব্যাপক বিভ্রাটের ঘটনাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত বা কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে ভেবে ‘মানুষ ভীত হয়ে পড়েছে’ বলে স্বীকার করেন রুবিও। তবে তিনি বলেন, ‘আমরা কোনো কাঠামোগত হামলার মুখে পড়িনি। এই ঘটনাগুলোর একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই, এগুলো পরস্পর সম্পর্কযুক্ত নয়।’
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও একমত হয়েছেন যে এই বিভ্রাটগুলোর মধ্যে যোগসূত্র থাকার কোনো প্রমাণ নেই এবং পুরোনো অবকাঠামো হালনাগাদ করার কারণেই বেশির ভাগ সমস্যা দেখা দিয়েছে। গত এক সপ্তাহে মাইক্রোসফটে বড় ধরনের বিভ্রাট, কারিগরি ত্রুটির কারণে কয়েক ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্রের সব ফ্লাইট বন্ধ থাকা, দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থায় (এনএসএ) সমস্যা এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক ও অ্যাপলের সেবায় বিপর্যয়ের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি প্রতিষ্ঠান ও সংস্থাই জানিয়েছে, এই সমস্যার সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক নেই এবং এটি বাইরের কোনো শক্তির কাজ নয়।
রুবিওর এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনও বিষয়টি নিয়ে কথা বলেন। ফক্স নিউজকে তিনি জানান, এই বিপর্যয়গুলো কোনো সাইবার হামলার ফল নয়। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘অনেক প্রতিষ্ঠান’ তাদের সিস্টেম মেরামত বা হালনাগাদ করছে, যার কারণে কিছু বিভ্রাট দেখা দিয়েছে।
জনমনে এই ভীতির কারণে নিত্যপণ্য মজুত করা বা ব্যাংক থেকে একযোগে অর্থ তুলে নেয়ার হিড়িক পড়তে পারে বলে ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন কি না, তা রুবিওর কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, এ ধরনের ভীতি দূর করার সবচেয়ে ভালো উপায় হলো মার্কিন সরকারের জানা সব তথ্য জনগণের সামনে তুলে ধরা। তিনি বলেন, ‘আমাদের কাছে থাকা প্রতিটি সূচকই বলছে যে এসব ঘটনার প্রতিটির পেছনেই নির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ রয়েছে, যার সঙ্গে কোনো সাইবার অপরাধী, শত্রুভাবাপন্ন গোষ্ঠী কিংবা অন্য কোনো দেশের কোনো সম্পর্ক নেই।’
গত বৃহস্পতিবার থেকে প্রায় প্রতিদিনই প্রযুক্তিগত এই বিপর্যয় ঘটেছে। ওই দিন মাইক্রোসফটে বিভ্রাটের কারণে ইমেইলসহ প্রতিষ্ঠানটির অনেক সেবা ব্যাহত হয়। এর পরদিন শুক্রবার বিরল এক নির্দেশনায় চার ঘণ্টার বেশি সময়ের জন্য দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর এটিই ছিল সবচেয়ে দীর্ঘ সময় ধরে ফ্লাইট বন্ধ থাকার ঘটনা। মার্কিন পরিবহনমন্ত্রী জানিয়েছেন, তামার তার হালনাগাদ এবং সেকেলে সরঞ্জামের কারণে ওই কারিগরি সমস্যা দেখা দিয়েছিল।
এরপর সোমবার ইউনাইটেড এয়ারলাইন্সের প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ১৫০টি ফ্লাইট বিলম্বিত হয় এবং জেপি মরগান চেজের সফটওয়্যার সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ও সবচেয়ে ব্যবহৃত ব্যাংকগুলোয় সেবা ব্যাহত হয়। ইউনাইটেড এয়ারলাইন্স ও চেজ ব্যাংক উভয়ই জানায়, সফটওয়্যার সমস্যার কারণেই এই ত্রুটি ঘটেছে।
মঙ্গলবার অভ্যন্তরীণ একটি হালনাগাদের কারণে অ্যাপলের আইক্লাউড ও অ্যাপল পে সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। অ্যাপল জানিয়েছে, কোনো সাইবার হামলার কারণে এটি ঘটেনি। একই দিনে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় একটি নেটওয়ার্কও কিছু সময়ের জন্য অচল হয়ে পড়েছিল।
গত পাঁচ দিনে মাইক্রোসফট, বিমান সংস্থা ও ব্যাংকিং খাতে ঘটে যাওয়া এই বিপর্যয়ের মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। নেটওয়ার্ক ও অবকাঠামো ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নেটবক্স ল্যাবসের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা ক্রিস বিভার্স সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা তত্ত্বের বিষয়ে বিবিসিকে বলেন, ‘এখানে কোনো ষড়যন্ত্র নেই। বরং এর পেছনে খুবই সাধারণ ও বোঝার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। তা হলো, বিশ্বকে সচল রাখা অবকাঠামো আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত বদলাচ্ছে, আর পরিবর্তনের সঙ্গে ঝুঁকিও থাকে। এসব অবকাঠামোর অনেকগুলোই ৩০ থেকে ৪০ বছরের পুরোনো এবং এতে কয়েক দশকের কারিগরি ঘাটতি জমে আছে। এখন সেগুলোকে খুব দ্রুত পরিবর্তন করতে বলা হচ্ছে।’
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই ঘটনার একটি অংশ মাত্র উল্লেখ করে বিভার্স বলেন, ‘এটি পুরোনো নেটওয়ার্কগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং একই সঙ্গে নিরাপত্তা নিয়ে জরুরি তাগিদ তৈরি করছে। বিমান সংস্থা, ব্যাংকিং, জ্বালানি ও খুচরা বিক্রয় খাতের নেটওয়ার্কগুলোর পেছনে থাকা আমাদের গ্রাহক কর্মীদলগুলো মূলত বৈশ্বিক পর্যায়ে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করার মতো জটিল কাজ করে দ্রুত এসব নেটওয়ার্ক আবার সচল করছে।’
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো আল্টো নেটওয়ার্কসের ইউনিট ৪২-এর ভাইস প্রেসিডেন্ট শেরড ডিগ্রিপো বলেন, ‘এই সপ্তাহের ঘটনাগুলো মূলত দেখিয়ে দিচ্ছে যে আমাদের মূল ডিজিটাল অবকাঠামো পরস্পরের সঙ্গে কতটা নিবিড়ভাবে যুক্ত ও নাজুক, যেখানে একটি মাত্র সফটওয়্যার ত্রুটি বা রাউটার অচল হয়ে পড়লে তার প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।’





