ইরানের বিরুদ্ধে ট্রাম্পের বায়োলজিক্যাল ওয়েপন তৈরির অভিযোগ; পুরোনো চিত্রনাট্য বললো তেহরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরান এখন রাসায়নিক এবং বায়োলজিক্যাল ওয়েপন তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই তোলা এই অভিযোগের মাধ্যমে তেহরান কথিত ডার্টি বম্ব বা তেজস্ক্রিয় বোমা হামলার পরিকল্পনা করছে বলে যে দাবি উঠেছিল, তা নতুন করে উসকে দিয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার ট্রাম্পের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দুই দশকের বেশি সময় আগে ইরাক যুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে বাগদাদের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার যে ভিত্তিহীন মার্কিন দাবি তোলা হয়েছিল, বিশ্ববাসীকে সেটির পুনরাবৃত্তির বিষয়ে সতর্ক করেছে তেহরান।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান গ্যাস এবং বায়োলজিক্যাল ওয়েপন তৈরির পথ খুঁজছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের কথিত পারমাণবিক হুমকির কথা বলেই তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র পথ বন্ধ করে দেয়ায় তেহরান এখন পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা থেকে সরে এসেছে। ইরানিদের বিদ্বেষপূর্ণ মানুষ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘১ জানুয়ারির পর কী হয়, তা আমরা দেখব।’

ট্রাম্পের এই দাবির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘অভিযোগগুলো বারবার বদলাচ্ছে, কিন্তু এর মূল বয়ানটি উদ্বেগজনকভাবে চিরচেনা।’ অন্যদিকে বৃহস্পতিবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই প্রশ্ন তোলেন, ২০০৩ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাগদাদের কথিত গণবিধ্বংসী অস্ত্র নিয়ে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের উপস্থাপনার কথা আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে বলে ওয়াশিংটন আশা করে কি না। ওইসব মিথ্যা দাবির ওপর ভর করেই পরের মাসে ইরাকে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র।

জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ফাইন্ডিং নিমোর ভুলে যাওয়া স্বভাবের মাছ ডোরির উদাহরণ টেনে বাঘাই বলেন, ‘মনে হচ্ছে ফাইন্ডিং নিমোর ভুলোমনা মাছ ডোরির মতো বিশ্ব আবারও সম্মিলিত স্মৃতিভ্রংশের শিকার হবে বলে আশা করা হচ্ছে।’ তিনি বলেন, ২০০৩ সালের অভিযানের পক্ষে জনসমর্থন তৈরি করতে ইরাকের বিরুদ্ধে ওইসব অভিযোগ ব্যবহার করা হয়েছিল। এর পরিণতি কেবল ইরাকি জনগণের জন্যই নয়, পুরো অঞ্চল এবং শেষ পর্যন্ত খোদ মার্কিন সমাজের জন্যও বিপর্যয় ডেকে এনেছিল।

ইসমাইল বাঘাই বলেন, ‘এখন আমরা নিজেদের বিরুদ্ধে নতুন ও অশুভ অভিযোগ দেখতে পাচ্ছি, যার বয়ান একই প্রতারণামূলক চিত্রনাট্য অনুসরণ করছে বলে মনে হচ্ছে। প্রশ্ন হলো, ২০০৩ সালের ভয়াবহ অভিজ্ঞতা থেকে বিশ্ব কি কিছু শিখেছে, নাকি আমরা আবারও তাদের বড় পরিসরে জনগণকে ধোঁকা দেয়ার সুযোগ করে দিতে যাচ্ছি?’

এর আগে মঙ্গলবার মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা তৈরি করতে পারে ইরান। তবে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সম্ভাব্য হামলার শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সামনে এমন কোনো তাৎক্ষণিক হুমকি নেই। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিনও একই কথা জানিয়ে নিশ্চিত করেন যে আসন্ন কোনো হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। কিন্তু ট্রাম্প সেই সম্ভাবনা উড়িয়ে দেননি। ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তেমনটা মনে করেন না। তবে হামলা হলে কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে তিনি বলেন, ‘যদি এমন কিছু ঘটে, তবে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।’

ইরানের কাছে এমন অস্ত্র থাকার কোনো প্রমাণ আছে কি?
১৯৭৯ সালে পাহলভি রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ছয় বছর আগেই বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন অনুমোদন করেছিল ইরান। এছাড়া ১৯৯৭ সালে দেশটি রাসায়নিক অস্ত্র কনভেনশনও (সিডব্লিউসি) অনুমোদন করে। তা সত্ত্বেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইরান অপ্রচলিত অস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা চালাচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) এক প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৮ সালে শেষ হওয়া ইরান-ইরাক যুদ্ধের পর থেকে ইরানের বায়োলজিক্যাল ওয়েপন কর্মসূচি গতি পেয়েছে বলে ধারণা করা হয়। ওই যুদ্ধে ইরাক ব্যাপকভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করার পর তেহরান সিদ্ধান্ত নেয় যে অপ্রচলিত অস্ত্রের ক্ষেত্রে তারা আর কখনো এমন ভারসাম্যহীনতা মেনে নেবে না। আরইউএসআইয়ের মতে, এরপর থেকেই বেসামরিক গবেষণার আড়ালে এ ধরনের উপাদান তৈরির ধারাবাহিক চেষ্টা চালিয়ে আসছে দেশটি।

বিশ্লেষক ও ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হ্যামিশ ডি ব্রেটন-গর্ডন আল জাজিরাকে বলেন, মার্কিন সামরিক হামলায় পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে পরমাণু কর্মসূচি পিছিয়ে পড়ার পর ইরান যদি রাসায়নিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকে পড়ে, তবে তা অবাক করার মতো কিছু হবে না। তিনি বলেন, ‘তারা বায়োলজিক্যাল ওয়েপন তৈরির চেষ্টাও করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বায়োলজিক্যাল ওয়েপনের যুগে অনেক কম খরচ ও সময়ে পারমাণবিক অস্ত্রের মতোই বিধ্বংসী ক্ষমতা অর্জন করা সম্ভব।’ এ ধরনের অস্ত্র ইরানের পরমাণু কর্মসূচির বিকল্প হতে পারে এবং তা শনাক্ত করাও অনেক বেশি কঠিন হবে বলে মনে করেন তিনি।

রাসায়নিক, বায়োলজিক্যাল ও তেজস্ক্রিয় অস্ত্র প্রতিরোধবিষয়ক আরইউএসআইয়ের অ্যাসোসিয়েট ফেলো ড্যান কাসেটা বিষয়টিকে অত্যন্ত অস্পষ্ট বলে বর্ণনা করেছেন। আল জাজিরাকে তিনি বলেন, ‘ইরানের মতো শিল্প, বিজ্ঞান ও গবেষণাগার অবকাঠামো থাকা যেকোনো দেশ তাত্ত্বিকভাবে স্থানীয় পর্যায়ের সন্ত্রাসী হামলার মতো একক কোনো ঘটনার জন্য পর্যাপ্ত রাসায়নিক ও জৈব ঝুঁকির উপাদান তৈরি করতে পারে। এর মূল প্রযুক্তি খুব বেশি জটিল নয়। তবে ইরানের কোনো রাসায়নিক বা বায়োলজিক্যাল ওয়েপন কর্মসূচি আছে কি না, তা নিয়ে ইরান-ইরাক যুদ্ধের পর থেকেই কয়েক দশক ধরে বিতর্ক চলছে। এর পক্ষে-বিপক্ষে নানা যুক্তি থাকলেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।’

আটলান্টিক কাউন্সিলের ইউরোপ সেন্টারের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো ইয়াসেক সিভিয়েরা বৈজ্ঞানিক দক্ষতা এবং অভিযান পরিচালনার সক্ষমতাকে হামলা চালানোর রাজনৈতিক সদিচ্ছা থেকে আলাদা করে দেখার কথা বলেছেন। আল জাজিরাকে তিনি বলেন, ‘কেবল একটি গবেষণা কর্মসূচি থাকলেই বিদেশে নির্দিষ্ট কোনো অভিযান চালানোর সক্ষমতা প্রমাণিত হয় না। বিশ্বাসযোগ্য মূল্যায়নের জন্য সক্ষমতা, অভিযান চালানোর পাল্লা এবং উদ্দেশ্য সম্পর্কে যাচাইকৃত তথ্যের প্রয়োজন। তাই নির্দিষ্ট ওই পরিস্থিতির সম্ভাবনা নির্ধারণের ক্ষেত্রে আমি সতর্ক থাকব।’

ইরাক যুদ্ধের অজুহাত ও ওয়াশিংটনের দ্বিমুখী নীতি
প্রতিপক্ষের বিরুদ্ধে অপ্রচলিত অস্ত্র রাখার মার্কিন অভিযোগের ইতিহাস নতুন নয়। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক গ্লেন রাংওয়ালা আল জাজিরাকে বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে গণবিধ্বংসী অস্ত্র (ডব্লিউএমডি) থাকার ভিত্তিহীন অভিযোগ তোলার দীর্ঘ ইতিহাস রয়েছে ধারাবাহিক মার্কিন প্রশাসনগুলোর। আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়াতে এবং দেশের ভেতরের সম্ভাব্য সমালোচকদের চাপে রাখতেই এটি করা হয়।’

সাদ্দাম হোসেনের সরকারের কথিত রাসায়নিক, বায়োলজিক্যাল ও পারমাণবিক কর্মসূচির কারণে তাৎক্ষণিক হুমকি তৈরি হয়েছে দাবি করে ২০০৩ সালে ইরাকে অভিযান চালিয়েছিল ওয়াশিংটন। পরবর্তীতে মার্কিন সিনেটের এক কমিটির তদন্তে বেরিয়ে আসে, ইরাক দখলের যৌক্তিকতা প্রমাণের জন্য তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের সিআইএ এবং অন্যান্য সংস্থা তথ্যে কারসাজি করেছিল। ওই ঘটনাকে হোয়াইট হাউসের সাফাই হিসেবে আখ্যা দিয়েছিল কমিটি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ওই সামরিক অভিযানের পর ইরাকে নিষিদ্ধ অস্ত্রের কোনো মজুত কিংবা তা তৈরির কর্মসূচির কোনো প্রমাণ কখনোই পাওয়া যায়নি।

অধ্যাপক রাংওয়ালা বলেন, প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ তোলার এই প্রবণতার বিপরীতে মধ্যপ্রাচ্যে নিজেদের কিছু মিত্র দেশের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকা বা রাখার বিষয়টি ধারাবাহিক মার্কিন প্রশাসনগুলো কখনোই স্বীকার করে না। তিনি বলেন, ‘অস্ত্রের বিস্তার নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, তবে তা কেবল পাল্লার এক দিকের জন্য হতে পারে না।’

—আল জাজিরা ও আনাদোলুর প্রতিবেদনে অবলম্বনে

এএম