ভর্তি পরীক্ষায় নকল ঠেকাতে হুলস্থুল, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চই কিয়ো-জিন
বিদেশে এখন
0

পরীক্ষায় নকল করার কেলেঙ্কারি এবং তা ঠেকাতে শেষ মুহূর্তের পদক্ষেপে সৃষ্ট বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চই কিয়ো-জিন। রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন। বর্তমান পরীক্ষা পদ্ধতি আমূল সংস্কারের আহ্বান জানিয়ে আসা দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং পরে তার পদত্যাগপত্র গ্রহণ করেন।

গত বৃহস্পতিবার দেশটিতে সুনেউং নামে পরিচিত বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নকল ঠেকাতে শেষ মুহূর্তে নেয়া নানা পদক্ষেপে দেশজুড়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার পূর্ণ দায় নিজের কাঁধে নিয়েছেন শিক্ষামন্ত্রী। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপকে রোববার চই কিয়ো-জিন বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি মনে করি, আগেভাগে প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার সমালোচনা আমি এড়াতে পারি না। এখন পরীক্ষা শেষ হয়েছে, তাই গভীর দায়বদ্ধতা থেকে আমি পদত্যাগপত্র জমা দিচ্ছি।’

দক্ষিণ কোরিয়ার লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ কর্মজীবন নির্ধারণে সর্বোচ্চ নয় ঘণ্টাব্যাপী এই সুনেউং পরীক্ষা বড় ভূমিকা রাখে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এর আগে জানায়, এ বছর প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থীর মধ্যে ১১১ জনের কাছে অননুমোদিত স্মার্ট ডিভাইস পাওয়া গেছে।

অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় এআই ডিভাইসের সাহায্যে নকল করার খবর সামনে আসার পর কয়েক সপ্তাহ ধরেই উদ্বেগ বাড়ছিল। গত সপ্তাহান্তে জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া হান ওন-সক নামের এক ব্যক্তি নকলের কথা স্বীকার করলে এই শঙ্কা চরম আকার ধারণ করে। গত এপ্রিলে অনুষ্ঠিত ওই পরীক্ষায় ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল হওয়ায় তার অস্বাভাবিক ভালো ফলাফল নিয়ে জল্পনা চলছিল। এর মধ্যেই ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি একটি খুদে ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে তা এআইয়ের কাছে পাঠিয়েছিলাম। পরে স্মার্টফোনে উত্তর দেখে নকল করেছি।’

এই স্বীকারোক্তির পর সুনেউং পরীক্ষার মাত্র কয়েক দিন আগে তড়িঘড়ি করে জরুরি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে পরীক্ষার দিন লুকানো ডিভাইস শনাক্ত করতে সারা দেশের প্রতিটি মুঠোফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটা থেকে বেলা তিনটার মধ্যে তিনবার এই সতর্কবার্তা পাঠানো হয়। এতে সাইলেন্ট মোডে থাকা ফোন এমনকি ডেটা রোমিং ব্যবহার করা বিদেশি ট্যুরিস্টদের ফোনও একযোগে উচ্চ শব্দে বেজে ওঠে। কেবল বন্ধ থাকা বা এয়ারপ্লেন মোডে থাকা ফোনগুলো বাজেনি। পরীক্ষায় নকলবাজদের ধরতে দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো জাতীয় দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থা ব্যবহার করা হয়।

এছাড়া গোপন ক্যামেরা ঠেকাতে পরীক্ষার্থীদের শার্ট ও জ্যাকেটের বোতাম ঢেকে রাখতে বাধ্য করা হয় এবং তাদের চশমাও পরীক্ষা করে দেখে কর্তৃপক্ষ। এসব পদক্ষেপে সৎ পরীক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়েন। সুনেউং পরীক্ষার আগে এক শিক্ষার্থী কোরিয়া টাইমসকে জানান, তার মোটা ফ্রেমের সাধারণ চশমাকে স্মার্ট চশমা ভেবে ভুল করা হতে পারে বলে তিনি দুশ্চিন্তায় ছিলেন। আরেক শিক্ষার্থী ইয়োনহাপকে বলেন, সাধারণত চশমা পরলেও অহেতুক সন্দেহ এড়াতে পরীক্ষার দিন তিনি অনেক চেষ্টা করে কন্টাক্ট লেন্স পরে কেন্দ্রে যান।

এএম