চুক্তি না হলে নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

চুক্তি না হলে নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুংকার দেন, মার্কিন নৌ- অবরোধ ভঙ্গকারী জাহাজগুলোকে সাগরে ডুবিয়ে দেয়ার। তবে সংঘাত সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে বলে দাবি করেছেন আরাঘচি। এদিকে সংকট সামাল দিতে, রেশনিং পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ইরান। আর পাল্টাপাল্টি কথার লড়াইয়ের মধ্যেই হরমুজে নৌ মাইনের আঘাতে দু’টি তেলবাহী ট্যাংকারে আগুনের খবর পাওয়া গেছে। ভিন্ন ফ্রন্ট ইয়েমেনের হুদেইদায় সরকারি বাহিনীর হামলায় চারজন প্রাণ হারিয়েছেন। বিপরীতে সৌদির রাঘিব তেল শোধনাগারে আঘাত হানার দাবি হুথিদের।

একদিন আগেই ফক্স নিউজকে দেয়া অডিও সাক্ষাৎকারে ইরান ইস্যুতে সুর নরম করে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী তিনি। জানান, ইরানের বর্তমান সরকার নিয়ে কোনো মাথাব্যাথা নেই হোয়াইট হাউজের।

কিন্তু এর ঠিক একদিন যেতে না যেতেই ফের ভোল পাল্টিয়ে যুদ্ধাংদেহী মনোভাবে ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে। তবে চুক্তি না হলে নতুন বছরে ফের দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। আর মার্কিন নৌ অবরোধ ভঙ্গকারী জাহাজগুলোকে সাগরে ডুবিয়ে দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

তবে শিগগিরই ইরানে হামলা চালাতে হন্যে হয়ে উঠেছেন নেতানিয়াহু। এ নিয়ে বারবার ট্রাম্পের সমর্থন চাইলেও ইসরাইলি গণমাধ্যমের খবর, ইরানে নতুন দফা হামলার পরিকল্পনা এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ভিন্ন এক ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প অকপটে স্বীকার করেন, মধ্যবর্তী নির্বাচনের পর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে তেহরান। তবে সব হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগ করেন, বিশ্ব জ্বালানি বাজারকে অস্থিতিশীল করছে তেহরান।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, উত্তেজনার মধ্যেও সংঘাতের কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইসলামি প্রজাতন্ত্র। তবে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের উপ- কমান্ডারের অভিযোগ, শত্রুরা অর্থনৈতিক চাপ তৈরী করে তেহরানকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

এদিকে পাকিস্তানের পাশাপাশি কাতারও সংঘাত সমাধানে মধ্যস্থতার ভূমিকা জোরদার করায় আশাবাদী তেহরানের সাধারণ মানুষ।

আরও পড়ুন:

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আমি শুধু চাই, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াক। ইরান সেরা কিছু পণ্য উৎপাদন করে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে আমাদের অর্থনীতি থমকে আছে।’

অন্য একজন বলেন, ‘পারস্য উপসাগরীয় দেশগুলো কোনভাবেই চায় না আরেকটি যুদ্ধ শুরু হোক। একটি শান্তিচুক্তি হওয়া অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।’

তবে জ্বালানি সংকট তীব্র হওয়ায় রোববার থেকে রেশনিং পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে তেহরান। এটি অনুযায়ী, দৈনিক দুই ঘণ্টা করে এলাকাভেদে বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি খাতের সংস্কার ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেন, ‘জ্বালানি সংকট কাটানো আমাদের প্রধান অগ্রাধিকার। এর সঙ্গে আমাদের অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সম্পর্কিত। আমরা সংকট কাটাতে উদ্যোগ নিচ্ছি।’

অন্যদিকে হরমুজে পেতে রাখা নৌ- মাইনের আঘাতে দু’টি ট্যাংকারে আগুনের খবর পাওয়া গেছে। আল- জাজিরা জানায়, আইআরজিসি ঘোষিত জলপথটির সংরক্ষিত এলাকা দিয়ে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে শুধু এক সপ্তাহেই হরমুজে মাইনের আঘাতে ২৫টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভিন্ন ফ্রন্ট ইয়েমেনের তাইযে হুথি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। বিপরীতে লোহিত সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত সৌদির রাঘিব তেল শোধনাগারে হামলার দাবি করেছে হুথিরা। তবে এতে স্থাপনাটি কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

এসএস