ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার জনপদ

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলা
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার বন্দর নগরী লা গুয়াইরা, রাজধানী কারাকাস এবং এর আশপাশের এলাকাগুলো। এদিকে ধসে পড়া বিভিন্ন ভবনের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এছাড়া ভূমিকম্পে শতাধিক ভবন ধসে পড়ায় গৃহহারা সেখানকার বাসিন্দারা।

প্রায় ২৪ ঘণ্টা ধরে কারাকাসের চাকাও এলাকার ডন পেপে ভবনের ধ্বংসস্তূপ ছিলেন এই নারী। অবশেষে উদ্বারকর্মীদের নিরন্তর প্রচেষ্টায় জীবিত উদ্ধার করা হয় তাকে। দ্রুতই পাঠানো হয় হাসাপাতালে।

বসে নেই উদ্বারকর্মীরা। কারণ বিধ্বস্ত ভবনের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। বুধবার মধ্যরাতের জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার বন্দর নগরী লা গুয়াইরা, রাজধানী কারাকাস এবং এর আশেপাশের এলাকাগুলো। এতে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এদিকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পে শুধু লা গুয়াইরা রাজ্যে ক্ষতিগ্রস্থ হয়েছেন ৭০ হাজারেরও বেশি পরিবার। ধসে পড়েছে ১০০ এরও বেশি বাড়িঘর। গৃহহারা হয়েছেন শত শত মানুষ। স্বজনদের হন্যে হয়ে খুঁজছেন জীবিতরা।

ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন বলেন, ‘আমি খুব ভয় পেয়েছিলাম। ঐ যে, যেখানে আপনি ওটা দেখছেন, সেখানে আর কিছুই নেই। আমি জানি না তিনি কোথায় আছেন।’

আরও পড়ুন:

স্থানীয় একজন বলেন, ‘সেনাবাহিনীকে ডেকে বলা কি সম্ভব নয় এখানে আসুন? আমাদের সাহায্য করুন। যে সামরিক কর্মকর্তারা এখানেই আছেন, তারা ট্যাঙ্কে চড়ে এসে মানুষদের সাহায্য করুন, আমরা এটাই চাই।’

ধ্বংসস্তুপে আটকে পড়াদের বাঁচাতে রেডক্রস ও জাতিসংঘের বিশেষ দল এরইমধ্যে উদ্ধার অভিযান সমন্বয়ের জন্য এগিয়ে এসেছে। যোগ দিয়েছেন স্থানীয়রাও। সবার লক্ষ্য আটকে পড়াদের উদ্ধার। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

তিনি বলেন, ‘আমরা গতকালের জোড়া ভূমিকম্পের ফলে ধসে পড়া স্থাপনা ও ভবনগুলোর নিচে আটকা পড়া মানুষদের অনুসন্ধান ও উদ্ধারের কাজে আমাদের লোকজনের সঙ্গে রয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করছি এবং তাদের প্রতি আমাদের সংহতি রয়েছে। আমরা যত বেশি সম্ভব মানুষকে জীবিত উদ্ধার করার আশা রাখি।’

এদিকে ভেনেজুয়েলায় ভয়াবহ এ ভূমিকম্পের পর হাজার হাজার শিশু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। পাশাপাশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকায় বাস করা প্রায় ৩৯ লাখ শিশু ও তাদের পরিবারের জরুরি সহায়তা প্রয়োজন বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

ভূমিকম্প মোকাবিলায় কারাকাসকে দ্রুত সহায়তা করার জন্য ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ।

এসএস